বরিশালে বিএনপির গণসমাবেশ
প্রস্তুতি সভা, মিছিল প্রচারে চাঙ্গা নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ

আগামী ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশকে ঘিরে বরিশালে চাঙ্গা হয়ে উঠেছে মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি। গণসমাবেশ সফল করতে প্রতিদিন মাঠপর্যায়ে প্রস্তুতিমূলক সভা, প্রচার-প্রচারণা, মিছিল-সমাবেশ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতি ও প্রচার। এতে উজ্জীবিত হচ্ছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, তাঁরা যে কোনো উপায়ে গণসমাবেশ সফলে বদ্ধপরিকর।
গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় নগরীর ১২টি ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা। এসব সভায় মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, গণসমাবেশ বানচাল করতে আওয়ামী লীগ এবং সরকার বাধা, হয়রানি ও নির্যাতনের পথে হাঁটবে। কিন্তু দমন-নিপীড়নে ভয় পেলে চলবে না। যে কোনো মূল্যে গণসমাবেশ সফল করতে হবে।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, বাস ধর্মঘট ডেকে জনস্রোত ঠেকাতে পারবে না আওয়ামী লীগ। ৫ নভেম্বর বরিশালে স্মরণকালের বৃহৎ গণসমাবেশ হবে। গণসমাবেশের ২-৩ দিন আগে বিভিন্ন জেলা-উপজেলা থেকে কর্মী-সমর্থকরা আসতে শুরু করবেন। তাঁদের থাকার জায়গা দিতে প্রয়োজনে নগরীর ৩০টি ওয়ার্ডে সব নেতাকর্মীর বাসাবাড়িতে দূর-দূরান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের থাকতে দিতে হবে।
দলীয় কার্যালয়ে দিনভর অনুষ্ঠিত ওয়ার্ড বিএনপির এই প্রস্তুতি সভাগুলোতে বক্তব্য দেন- মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবীর, যুগ্ম আহ্বায়ক আলহাজ কে এম শহীদুল্লাহ, আলতাফ মাহমুদ সিকদার, শাহ আমিনুল ইসলাম, হাবিবুর রহমান টিপু ও সাইফুল আহসান আজিম। এদিকে, গতকাল সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীর ভাটারখাল, পোর্টরোড ও পলাশপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে মহানগর শ্রমিক দল। মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খানের নেতৃত্বে এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

বিকেলে মহানগর মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া মহানগর যুবদলের এক প্রস্তুতি সভা শুক্রবার সন্ধ্যায় নগরের বারুজ্জারহাট মাধ্যামিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপি বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে প্রস্তুতি সভা করেছে চরআইচা গাজী বাড়ি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে। তুহিন পণ্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তৃতা করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান নান্টু, সদস্য সচিব আক্তার হোসেন মেবুল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম প্রমুখ।
এদিকে, শুক্রবার বিভাগের পটুয়াখালী ও বরগুনা জেলায়ও বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় পটুয়াখালী জেলা বিএনপির এ সভা অনুষ্ঠিত হয় শহরের সেন্টারপাড়া সড়কের বধূয়া কমিউনিটি সেন্টারে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া। বিকেলে বরগুনার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সদর রোড দলীয় কার্যালয়ে। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়ও প্রধান অতিথি ছিলেন হাবিব-উন-নবী খান সোহেল।
জনতার আওয়াজ/আ আ