বরিশাল জেলা স্কুল মাঠে একত্র হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ

কেন্দ্রীয় নির্দেশনার ধারাবাহিকতায় সারা দেশে একযোগে বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে বরিশাল জেলা স্কুল মাঠে একত্র হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। বিকেল ৩টায় সমাবেশের সময় নির্ধারণ করা হলেও বেলা ১১টার মধ্যেই জেলা স্কুল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। মাঠ ছাড়িয়ে সদর রোডে পৌঁছে গেছে নেতাকর্মীদের ভিড়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ড. মঈন খান। এই সমাবেশে এবার অনেক মানুষের সমাগম ঘটবে বলে আশা করেছিলেন বিএনপি নেতারা, তাদের আশা অনেকটাই সফল হয়েছে বলে দেখা যায়। পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পিরোজপুর থেকে দলে দলে কর্মী ও সমর্থকেরা এসেছেন বলে জানালেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবীর।
অনেক জায়গায় নেতাকর্মীরা বাধার সম্মুখীন হয়েছে বলে জানান মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রাঢ়ী। তারা জানান, সব বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশে আসতে পেরেছে এতে অনেকটাই খুশি সর্বস্তরের বিএনপি নেতারা।
বিএনপি নেতারা বলেন, সরকার বিএনপির এই সমাবেশ বানচাল করতে জনসভার চারপাশে নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে রেখেছে। বোরহান উদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান ও তার নেতৃত্বে বরিশালে মিছিল নিয়ে আসা মো. নুরুল নবী বলেন, আগের সমাবেশে আসতে অনেক বাধা দেওয়া হলেও এবার তারা বরিশাল আসতে কোনো বাধার সম্মুখীন হয়নি। এ সময় বরিশালের গৌরনদী আগৈলঝাড়া থেকে উপজেলা বিএনপির একটি মিছিল মাঠে প্রবেশ করে।
জনতার আওয়াজ/আ আ