বর্তমান সরকারকে ‘গণবিরোধী’ বলে অ্যাখ্যা দিয়েছেন : মন্টু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ

বর্তমান সরকারকে ‘গণবিরোধী’ বলে অ্যাখ্যা দিয়েছেন গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। তিনি বলেছেন, এই সরকার চারদিকে বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করছে। ঢাকার আশপাশে সব নদী বিষাক্ত করে ফেলেছে। যেখানে গণতন্ত্র বিষাক্ত হয়ে যায় সেখানে সবকিছুই বিষাক্ত হয়ে যায়। গণতন্ত্র ও প্রাণ-প্রকৃতি ধ্বংস করছে দায়িত্বহীন সরকার।
আজ মঙ্গলবার বিকেলে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যুগপৎ আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি সফলের লক্ষ্যে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির যৌথ সভায় মোস্তফা মোহসীন মন্টু এসব কথা বলেন। যৌথ সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী শনিবার গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ-নির্দলীয় সরকারের দাবিতে গণতন্ত্র পুনরুদ্ধারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টি।
যৌথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, মহাসচিব আবদুল কাদের গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক, গণফোরামের নেতা বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, আইয়ুব খান ফারুক, মুহাম্মদ রওশন ইয়াজদানী, মুহাম্মদ উল্লাহ মধু, বাংলাদেশ পিপলস পার্টির পারভীন নাসের খান ভাসানী, আতিকুর রহমান লিটন, বিলকিস খন্দকার, নাসিমা খাতুন চন্দ্রা।
জনতার আওয়াজ/আ আ