বর্তমান সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়: টুকু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্তমান সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ

 

বর্তমান সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু। তিনি বলেছেন, দেশে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই। স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্রকে এই সরকার হত্যা করেছে।

মঙ্গলবার (২ মে) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যুবদল কেন্দ্রীয় কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, এই সরকার গণতন্ত্র হত্যা করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষ আজ বঞ্চিত। এ দেশে শুধু সংসদ নির্বাচন নয়, স্থানীয় নির্বাচন গুলোতেও জনগণ ভোট দিতে পারেনি।

যুবদল সভাপতি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এমন একটি সময়ে যখন সারাদেশের মানুষ দিশেহারা। দিশেহারা মানুষদের সামনে তিনি কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তিনি শুধু ঘোষাণা দিয়েই থেমে যাননি, সম্মুখে যুদ্ধও করেছেন।

তিনি বলেন, রক্ত দিয়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি। প্রত্যাশা ছিল স্বাধীনভাবে বসবাস করা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। সাম্য প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক বৈষম্য দূর করা। কিন্তু আজকের বাংলাদেশ এমন অবস্থা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য এখানে। ধনী সবচাইতে ধনী আর গরিব সবচাইতে গরিব।

যুবদলের এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে গণতন্ত্র বিদায় করেছে। দেশে দুর্নীতি ও অর্থনৈতিক বিশৃংখলা সৃষ্টি করেছে। তাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, যারা ধনী তাদের কথা আলাদা, কিন্তু যে মানুষ মাস শেষে নির্দিষ্ট বেতন পান তাদের সংসার চলছে না।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, দীপু সরকার, কামরুজ্জামান দুলাল, মহসিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হাসান স্বাধীন, সহ সাধারণ সম্পাদক মিঞা মোঃ রাসেল, সহ সাধারণ সম্পাদক আবু আতিক আল হাসান মিন্টু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, পল্লী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহীন আকন্দ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ