বাহরাইনকে হারিয়ে বাংলাদেশের চারে চার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৭, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাহরাইনকে হারিয়ে বাংলাদেশের চারে চার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত –
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে টানা চতুর্থ জয়ে মূলপর্বে খেলার স্বপ্ন আরও জোরালো করল বাংলাদেশ।

শুক্রবার (২৮ নভেম্বর) বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের যুবারা। দলের জয়ে একটি করে গোল করেছেন বায়েজিত বোস্তামি ও মোহাম্মদ মানিক।

মূলপর্ব নিশ্চিত করতে এখন গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে জিততেই হবে।

আগের তিন ম্যাচের মতো এ দিনও দুর্দান্ত শুরু করে বাংলাদেশের যুবারা। প্রথমার্ধে গোল না পেলেও ছিল আক্রমণাত্মক ফুটবলের দাপট। ফয়সাল, রিফাত ও অপু বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন। ২০ ও ২৮ মিনিটে আসে সেরা দুই সুযোগ। তবে ফরোয়ার্ড রিফাত কাজী দলকে এগিয়ে নিতে পারেননি।

প্রথমার্ধে ফ্রি-কিক ও কর্নার থেকেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ৩৪ মিনিটে চাপ বাড়ায় বাহরাইন, তবে গোলরক্ষক আলিফ রহমানের অসাধারণ সেভ দলকে ম্যাচে রাখে। এরপর ডিফেন্ডার কামালের গোললাইন ক্লিয়ারেন্সে বেঁচে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে খেলা আরও জমে ওঠে। ৪৭ মিনিটে মানিকের নিখুঁত ক্রসে রিফাত শট নিলেও বাহরাইনের গোলরক্ষক আবারও দেয়াল হয়ে দাঁড়ান।

অবশেষে ৫৯ মিনিটে আসে সাফল্য। সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হন বাহরাইনের ডিফেন্ডার। সুযোগটি লুফে নিয়ে ‘সুপার সাব’ বায়েজিত দারুণ শটে গোল করে লাল-সবুজকে এগিয়ে নেন।

এর ছয় মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয়, কিন্তু আবারও রিফাতকে থামান বাহরাইনের গোলরক্ষক। রিবাউন্ডে বায়েজিত শট নিলেও তিনি বলটি ধরে ফেলেন।

৬৮ মিনিটে আরও একবার রিফাতের শট ফিরিয়ে দেন বাহরাইন গোলরক্ষক। কিন্তু ৭২ মিনিটে আর পারেননি। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত থ্রু-পাস থেকে মানিক বল নিয়ন্ত্রণ নিয়ে দূর থেকে দুর্দান্ত লং শটে দলের দ্বিতীয় গোলটি করেন।

৮৫ মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে বাহরাইন। তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে আর কোনও সুযোগ দেয়নি বাংলাদেশের যুবারা।

তিমুর-লেস্তেকে ৫-০ গোলে উড়িয়ে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে ৮-০ গোলে এবং তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারায়।

গ্রুপের শেষ ম্যাচে আগামী রবিবার স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচটিই নির্ধারণ করবে গ্রুপের ভাগ্য। উল্লেখ্য, গ্রুপসেরা দল আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূলপর্বের টিকেট পাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ