বিএনপির খারাপ লোকদের সরিয়ে আ.লীগের ভালো লোকদের নেওয়া হবে: - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির খারাপ লোকদের সরিয়ে আ.লীগের ভালো লোকদের নেওয়া হবে:

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির খারাপ লোকদের সরিয়ে আওয়ামী লীগের ভালো লোকদের বিএনপিতে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি ৭১ সালে। সেই গণতন্ত্র আজও প্রতিষ্ঠিত হয়নি। এই দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। ভারতের কলকাতায় অফিস খুলে শেখ হাসিনা ট্রেনিং দিচ্ছে- কিভাবে বাসে বোমা মারা যায়, আগুন দেওয়া যায়। আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেখানে পাবেন, পুলিশে তুলে দেবেন। তবে আওয়ামী লীগে যারা ভালো লোক আছেন- তারা যদি বিএনপিতে যোগ দিতে চান এবং যদি কোনো মানুষের ক্ষতি না করে থাকেন- তাদের আমরা বিএনপিতে নেব। বিএনপিকে আরও বড় করতে হবে, তবে নেতৃত্বে বিএনপির লোকেরাই থাকবে। আমরা যদি তাদের দলে না নিই, তারা অন্য দলে যোগ দেবে, ধানের শীষের বিরুদ্ধে ভোট দেবে। ভালো লোকদের জন্য বিএনপিতে সবসময় জায়গা আছে। পাশাপাশি বিএনপির দুই-চারজন খারাপ লোককেও দল থেকে বহিষ্কার করতে হবে।’

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে (লালমোহন–তজুমদ্দিন) বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়ায় তজুমদ্দিন উপজেলা শহরে স্থানীয় বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মোটরশোভাযাত্রা চলাকালে সাংবাদিকদেরও তিনি একই বক্তব্য দেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘অধিকাংশ দল ও সাধারণ মানুষ মনে করেন, গণভোটের জন্য আলাদা দিন নির্ধারণ করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে। তাই একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তই যুক্তিযুক্ত। এতে সরকারের খরচ কমবে। দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই ভালো নয়। অর্থনৈতিক কারণে সামনে নানা অসুবিধার মুখে পড়তে হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছে, সেটিই সঠিক। আমরা মনে করি, জনগণ নির্বাচনের মাধ্যমে সঠিক রায় দেবে, এবং সংবিধান সংশোধনের অধিকার শুধুমাত্র নির্বাচিত গণপ্রতিনিধিদের।’

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। যেখানে স্বাক্ষর করেছি, সেগুলো মান্য করব। যেখানে আপত্তি ছিল, সেগুলো আমরা গ্রহণ করি না। সংবিধান সংশোধনের এখতিয়ার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। আগামী সুষ্ঠু নির্বাচনে যারা বিজয়ী হবেন, তারাই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবেন। আগামী দিনে বাংলাদেশ কীভাবে চলবে, তা নির্ধারণ করবেন সংসদ সদস্যরা।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রত্যেক মানুষ আশা করে- ১৪০০ মানুষকে হত্যা, বহু মানুষকে গুম, মানি লন্ডারিংসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে শেখ হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবে। এটাই জনগণের প্রত্যাশা।’

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ