বিএনপির নেতৃত্বাধীন জোটে বগুড়া-২ আসন থেকে নির্বাচন করতে চান মান্না - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির নেতৃত্বাধীন জোটে বগুড়া-২ আসন থেকে নির্বাচন করতে চান মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বগুড়া-২ (শিবগঞ্জ-সোনাতলা) আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির কাছে দাবি জানাবেন বলে ঘোষণা দিয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় একটি পথসভায় এসব কথা বলেন তিনি। বগুড়ার সাতটি সংসদীয় আসনের মধ্যে বগুড়া-২ বাদে বাকি ছয়টিতে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই। আর আমি বগুড়া-২ আসন থেকেই নির্বাচন করার দাবি করব বিএনপির কাছে।’

জোট গঠন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না জানান, বিএনপি নেতা তারেক রহমান তাকে জোটে রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘বিএনপি নেতা তারেক রহমান বলেছেন আপনি ভালো মানুষ, আমরা আপনাকে আমাদের জোটে রাখতে চাই।

তার কথায় আমি আশ্বস্ত হয়েছি। আমরা একটি ভালো দেশ গড়তে চাই।’
তবে তিনি শুধু বিএনপির সঙ্গেই সীমাবদ্ধ থাকতে চান না। মান্না বলেন, ‘শুধু বিএনপি নয়, যে ভালো কাজ করবে, আমরা তার সঙ্গেই বন্ধুত্ব করব।

যারা সত্যিকারে মানুষের কল্যাণ করবে আমরা তাদের সঙ্গে আছি।’
মান্না তার বক্তব্যে বর্তমান সরকারের সমালোচনা করে দেশ বদলানোর অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভালো কাজ করেনি বিধায় আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। আগামীতে নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ বদলাতে হবে। যেভাবে দেশ চলছে সেভাবে দেশ চলতে পারে না।

মানুষ ভালো জীবন পাচ্ছে না। মানুষের ভালো জীবনযাপনের ব্যবস্থা করতে হবে।’
তিনি বলেন, ‘জোটবদ্ধ নির্বাচন করলেও আমার দলের যে মার্কা আছে সেই মার্কা নিয়েই নির্বাচন করব। তবে জোটবদ্ধভাবে নির্বাচন করতে আরো দশটা দল যদি মনে করে মার্কা বদলাতে হবে, বদলাব।’

কিচক ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতি জাহিদুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার ও ডা. রাশেদুল ইসলাম রাজা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ