বিএনপি ক্ষমতায় এলে মানবিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে: সেলিমা রহমান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় এলে মানবিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১২, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১২, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে খালেদা জিয়ার আদর্শ ও চিন্তার আলো এবং তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি বলেন, খালেদা জিয়া চিরদিন আমাদের মাঝে এক উজ্জ্বল আলোকশিখা হয়ে থাকবেন। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই হবে বিএনপি প্রধান লক্ষ্য।

সোমবার (১২ জানুয়ার) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভায় তিনি এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলন, ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও সত্য ইতিহাস চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক। রাজনৈতিক নিপীড়ন পেরিয়ে এখন বিশ্বমর্যাদায় রয়েছেন খালেদা জিয়া। তার কবর জিয়ারতে মানুষের ঢলই তার প্রমাণ। ক্ষমতায় না থেকেও তিনি মানুষের হৃদয়ে সর্বোচ্চ সম্মান নিয়ে বিদায় নিয়েছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যু একটি মহাকালের পতন, একটি মহান অধ্যায়ের সমাপ্তি। তার চলে যাওয়ায় বাংলাদেশের আকাশ থেকে যেন একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে। যদিও তিনি আজ আমাদের চোখের আড়ালে, তবু তার আদর্শ, চিন্তা ও চেতনা আমাদের মননে এখনো দীপ্ত হয়ে জ্বলছে এবং সেই আলো থেকেই আমরা সাহস ও প্রেরণা পাচ্ছি।

আসন্ন নির্বাচনটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেলিমা রহমান বলেন, বিএনপি চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই আন্দোলন-সংগ্রামে খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে। খালেদা জিয়া মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছি, আর সেই শক্তিই আজ বাংলাদেশের জনগণের শক্তি।

খালেদা জিয়া কখনো ক্ষমতার জন্য নয়, দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করেছেন মন্তব্য করে তিনি আরও বলেন, তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বাংলাদেশকে বিশ্বে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করেন। প্রকৃত সংস্কারের সূচনা শহিদ জিয়াউর রহমানের ১৯ দফা থেকেই শুরু হয়, যা পরবর্তীতে বেগম খালেদা জিয়ার ভিশন ও কর্মসূচি এবং তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের রূপরেখায় পরিণত হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফি, সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক সংসদ সদস্য নূর আফরোজ জ্যোতি, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ