বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়: কাদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ

 

বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদপুরে মকবুল হোসেন কলেজে নগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জনগণকে সাবধান ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, শেখ হাসিনার সরকার এদেশের নারীদের সম্মানিত করেছেন। নারীদের কর্মক্ষেত্রে ব্যাপকতা দিয়েছে সরকার। মায়েদেরকে সম্মানিত করেছে আওয়ামী লীগ সরকার। বিএনপির আন্দোলনের খেলা শেষ মন্তব্য করে মন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান কিংবা গণজাগরণ, বিএনপির আন্দোলনের নদীতে জোয়ার নেই, গণজোয়ার আসেনা। বিএনপি স্লো-মোশনে পদযাত্রা করছে, শর্ট মার্চ থেকে লং মার্চে যাচ্ছে, সবই ভুয়া।

এ দেশের গণতন্ত্র ঠিক আছে কি-না সেটা বর্তমান সরকারের ভাবনা জানিয়ে কাদের বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জন্য হাজারো তদবির করে ব্যর্থ হচ্ছে বিএনপি। বিদেশিদের সাথে লবিং করেও ব্যর্থ। একের পর এক বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে এসেছেন এবং সরকারের সাথে মতবিনিময় করেছেন, কিন্তু তারা বিএনপির সাথে কোন বৈঠক করেনি। কূটনীতিকরা বাংলাদেশ সরকারের সাথে ইতিবাচক বৈঠক করেছে আর বিএনপি বন্ধুহীন হয়ে পড়েছে।

বিএনপি গণতন্ত্রের বিষফোঁড়া উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এদের কাছে গণতন্ত্র নিরাপদ নয়, তাদের কাছে দেশ কিংবা জনগণ নিরাপদ নয়। ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখা আর জানালা দিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করা ছাড়া তাদের কোন উপায় নেই তাদের।

পদযাত্রার নামে যতই অপচেষ্টা করুক না কেনো নির্বাচন ছাড়া আর কোন উপায় নেই জানিয়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ পালিয়ে যাবে না, পালিয়ে যায় তারেক রহমান। আওয়ামী লীগের শেকড় অন্তরে অন্তরে। আওয়ামী লীগ থাকবে, পালিয়েছেন আপনারা, পালাবেনও আপনারা।

সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরতে কাদের বলেন, ১৪ বছর আগে ঢাকা কিংবা পুরো বাংলাদেশ কতটা পরিবর্তন তা দৃশ্যমান। যেদিকে দেখা যায় উন্নয়ন আর উন্নয়ন। বিশ্ব সংকটেও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার উপর নির্ভর করে। শেখ হাসিনার সরকারের উন্নয়নে খুশি, মন খারাপ শুধু বিএনপির।

কাদের আরও বলেন, বাংলাদেশ সরকারের আরেকটি সফলতা- বঙ্গবন্ধু স্যাটেলাইট, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, রুপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, রামপালের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র। একদিনে ১০০ সেতুর উদ্বোধন কেবল শেখ হাসিনা সরকারের দ্বারাই সম্ভব।

তারেক জিয়া লুটপাট ও সন্ত্রাসের সর্বোচ্চ অবস্থানকারী উল্লেখ করে মন্ত্রী বলেন, লুটপাটের রাজা তারেক, হাওয়া ভবন কে খাওয়া ভবন বানিয়েছে। আর এদিকে বর্তমান সরকার বেশি দামে জ্বালানি কিনে ভর্তুকি দিয়ে দেশ চালাচ্ছেন। শেখ হাসিনার পরিবার সাধারণ জীবন যাপন করেন। নিজের ভাগ্য নয় সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে এই সরকার।

নগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সংসদ সদস্য সাদেক খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ