বিমানে দুর্নীতি আছে কি না আগে দেখতে হবে : ফারুক খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৪, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৪, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিমানে দুর্নীতি আছে কি না সেটি আগে দেখতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব:) ফারুক খান।
রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং, এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি। সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে সেগুলো যাতে দ্রুত শেষ হয় সেদিকটা দেখব।’
তিনি আরো বলেন, ‘যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং কিভাবে আরো উন্নতি করা যায় এবং কিভাবে আরো নতুন নতুন ডেস্টিনেশনে বিমান যেতে পারে সেগুলো দেখার চেষ্টা করব।’
পর্যটনমন্ত্রী বলেন, ‘পর্যটন খাতে আমাদের অপার সম্ভাবনা আছে। কিভাবে সেই সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সেগুলো দেখব।’
কোনো কর্মপরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মপরিকল্পনায় কোন মন্ত্রণালয় কি করবে সেটি বলা আছে, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং এর বাইরে বিভিন্ন সময় যে বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো করা হবে।
বিমানের দুর্নীতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিমানের দুর্নীতি আছে সেটা তো আমি স্বীকার করি না। আমাকে আগে দেখতে হবে। প্রথমেই সেটি বলব কেন? লেটস সি।’
সূত্র : ইউএনবি
জনতার আওয়াজ/আ আ