বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয়: কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ

গণমাধ্যমের কাছে বর্তমান সরকারের উন্নয়নের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেশি চাই না আমাদের প্রাপ্য কাভারেজটুকু প্রত্যাশা করি। আমরা বেশি চাই না। আমাদের যতটুকু প্রাপ্য ততটুকু চাই।
আজ বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক সৌজন্য সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা এটাও বলি না বিরোধীদের কাভারেজ দেবেন না। তাদেরকেও কাভারেজ দেন। বিরোধী দলও থাকতে হবে। গণতন্ত্র এক চাকার বাইসাইকেল নয়। বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয়।
তিনি বলেন, গত ১৪ বছর দেশ পরিচালনা করতে গিয়ে আওয়ামী লীগ অনেক ভুলত্রুটি করেছে। আমাদের ভুল আছে আমরা স্বীকার করি। কিন্তু আমরাই একমাত্র দল, যারা গণতন্ত্রের চর্চা করি। ভুলত্রুটির পরও আমরা তো মূলধারার সঙ্গে আছি।
সেতুমন্ত্রী বলেন, আজকে জঙ্গিবাদের সৃষ্টি কারা করেছে? শায়খ আব্দুর রহমান কাদের সৃষ্টি? ভুলে গেছেন? রাজশাহী শহরে প্রকাশ্যে মিছিল করেছে অস্ত্র নিয়ে। আমরা এদের বিরুদ্ধে কথা বলি। এদের বিরুদ্ধে আমরা সরব। এটা আওয়ামী লীগের রাজনীতি। আমাদের বিরোধী একটা জোট হচ্ছে। আমাদেরও জোট হতে পারে।
এ সময় কাদের অভিযোগ করেন বিএনপি তাদের সুবিধার জন্য সংবিধান থেকে কলমের এক খোঁচায় ৭ ধারা বাতিল’ করেছে। বিএনপির ঘরের মধ্যে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, ফখরুল সাহেবের কি মনে আছে? কবে তার কাউন্সিল হয়েছে? এর মাঝে আমার দুইটা হয়ে গেছে। আরেকটা চলে এসেছে।
আওয়ামী লীগ বিএনপির কোনো অনুষ্ঠানের কাউন্টার অনুষ্ঠান করে না বলে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে নিজেদের জেলা সম্মেলন চলছে। অনেক ক্ষেত্রে একই জেলায় আওয়ামী লীগ-বিএনপির অনুষ্ঠান হচ্ছে। আওয়ামী লীগ বিএনপিকে ‘টার্গেট’ করে কিছু করে না।
বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন কালবেলার প্রধান সম্পাদক আবেদ খান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ