বিরোধী মতামত, বিরোধীদলের কার্যক্রমকে স্বাগত জানাই : পরশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিরোধী মতামত, বিরোধীদলের কার্যক্রমকে স্বাগত জানাই : পরশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

 

‘বিএনপি আমাদের অত্যাচারী এবং কর্তৃত্ববাদী সরকার হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে’ এ কথা উল্লেখ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘তাদের এত রাজনৈতিক সুযোগ দেওয়ার পরও তারা আমাদের বলছে, আমরা নাকি কর্তৃত্ববাদী সরকার, অত্যাচারী সরকার।’

তিনি বলেন, ‘তারা নৈরাজ্য সৃষ্টি করতে ওস্তাদ। তাদের পারদর্শিতা কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। আরেকটা ব্যাপারে তারা পারদর্শী। মিথ্যাচারের রাজনীতি, প্রোপাগান্ডার রাজনীতি। আমরা দেখে নেব, তারা কীভাবে রাষ্ট্রক্ষমতায় আসে।’

আজ শনিবার রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনের সড়কে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নৈরাজ্য ও তাণ্ডবের অভিযোগ এনে ঢাকা মহানগর উত্তর যুবলীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিএনপি যখনই রাজনৈতিক কর্মসূচি দেয়, মানুষ আতঙ্কে থাকে, ভয় পায়, নিরাপত্তাহীনতায় ভোগে। এ কারণেই যুবলীগ রাজপথে থেকে সাধারণ মানুষকে সাহস দেয়। যখনই তারা কর্মসূচি দেবে, যুবলীগও রাজপথে থাকবে।’

দেশের উন্নয়ন ও অগ্রগতি বিএনপির সহ্য হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি, সাফল্য তাদের সহ্য হচ্ছে না। তাই তারা সন্ত্রাস ও নৈরাজ্যকর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। ২০১৪ সালেও নির্বাচনের আগে দেশের সাধারণ মানুষের ওপর তারা তাণ্ডব চালিয়েছে। বাসে, ট্রেনে আগুন দিয়েছে ও সাধারণ মানুষকে হত্যা করেছে।

বিএনপি-জামায়াতকে হুঁশিয়ার করে শেখ ফজলে শামস বলেন, সভা-সমাবেশ করেন। বিরোধী মতামত, বিরোধীদলের কার্যক্রমকে স্বাগত জানাই। এটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু কোনোভাবেই জনগণকে ভিকটিম বানানোর চেষ্টা করবেন না। জনগণের জানমালের ক্ষতি করলে, নিরাপত্তায় ব্যাঘাত ঘটালে যুবলীগের নেতাকর্মীরা বসে থাকবে না।

বিএনপি কীভাবে ক্ষমতায় আসবে এ প্রশ্ন তুলে যুবলীগ নেতা বলেন, ‘১৪ বছর কেন, এই বাংলাদেশে যত দিন মুক্তিকামী বাঙালি, তাদের প্রজন্ম এবং সন্তানরা আছে, যত দিন যুবলীগ আছে, আমরা দেখে নেব তারা কীভাবে রাষ্ট্রক্ষমতায় আসে। শেখ হাসিনার অধীনেই সাংবিধানিক ও সুশৃঙ্খলভাবে সবার অংশগ্রহণে নির্বাচন হবে, তাতে স্বাধীনতার পক্ষের শক্তি জয়ী হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ