বেগম খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, এখন থেকে খালেদা জিয়া সবসময় পুলিশ প্রটোকল পাবেন।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। সেদিন বিকালে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং এরইমধ্যে অনেকে মুক্তি পেয়েছে।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।
এর আগে সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ রাজনৈতিক নেতাদের সামনে খালেদা জিয়াকে শিগগির মুক্তি ও বিদেশে চিকিৎসা ব্যবস্থা করা হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। এরপর দুই বছরের বেশি সময় কারাবন্দি থাকেন সাবেক এ প্রধানমন্ত্রী। পরে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তার সাজা ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে স্থগিত করে সরকার। একইসঙ্গে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে দুটি শর্তে মুক্তির মেয়াদ বাড়ায় সরকার।
তার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দল ও তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও সরকার এতে সাড়া দেয়নি। সব শেষে গত ২১ মার্চ নির্বাহী আদেশে আটবারের মতো তার মুক্তির মেয়াদ বাড়ায় আওয়ামী লীগ সরকার।
জনতার আওয়াজ/আ আ