বোট ওয়ার্কশপের উদ্বোধন সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ১৭, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ১৭, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন কোস্টগার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
শনিবার (১৭ মে) দুপুরে বাগেরহাট জেলার মোংলায় বাংলাদেশ কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন এবং নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, কোস্টগার্ডের সদস্যদের প্রত্যন্ত উপকূলীয় এলাকায় নানা প্রকার ঝুঁকিপূর্ণ অপারেশনসমূহে নিয়মিতভাবে অংশগ্রহণ করতে হয়। এই প্রেক্ষাপট বিবেচনায় আজ কোস্টগার্ড পশ্চিম জোনে আধুনিক সুবিধাসম্পন্ন ও প্রযুক্তিনির্ভর বোট ওয়ার্কশপ উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, এই সংযোজনের মাধ্যমে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে। উপদেষ্টা এ সময় নবনির্মিত বোট ওয়ার্কশপ কোস্টগার্ডের পাশাপাশি মোংলা বন্দর, নৌবাহিনী, বিজিবি, নৌ পুলিশ এবং বন বিভাগের বোটসমূহের মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এই অঞ্চলে একটি প্রযুক্তিনির্ভর ‘মেরামতের হাব’ হিসেবে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, কোস্টগার্ডকে একটি যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে নৌবহরে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ইনশোর পেট্রোল ভেসেল, ফ্লোটিং ক্রেন ও টাগ বোট সংযুক্ত করা হয়েছে। কোস্টগার্ডের আধুনিকায়নে বুলেটপ্রুফ হাই স্পিড বোট, সারভেইল্যান্স ড্রোন, দ্রুতগামী জাহাজ ও বোট সংযুক্তির কার্যক্রম চলমান রয়েছে, যা পশ্চিম জোনেও অন্তর্ভুক্ত হবে। তিনি বলেন, কোস্টগার্ডকে প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতে অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজনের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের ফলে বাংলাদেশের জলসীমায় সার্বভৌমত্ব এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
উপদেষ্টা আরও বলেন, অতি সম্প্রতি কোস্টগার্ড গোপনে দেশের অভ্যন্তরে পুশ-ইন করা ৭৫ জন বাংলাদেশিকে প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্ধার করেছেন এবং ভবিষ্যতে পুশ-ইন রোধে সর্বদা তৎপর রয়েছেন। তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে সমুদ্রে অবস্থানরত অবস্থায় জাহাজে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের সঙ্গে জেলেদের বিনিময়ের কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন, যা তাঁদের পেশাদারিত্বেরই প্রমাণ বহন করে। তিনি এ সময় গণঅভ্যুত্থান-পরবর্তী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং জননিরাপত্তা রক্ষায় সদা জাগ্রত থেকে কার্যকর ভূমিকা পালনের জন্য কোস্টগার্ড সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, কোস্টগার্ডকে শক্তিশালী করার জন্য আমরা খুব তাড়াতাড়ি আরও ৫টি বড় ধরনের বোট কেনার প্রস্তাব করেছি, যা দ্রুত বাস্তবায়ন হবে। তাছাড়া প্রয়োজন সাপেক্ষে অদূর ভবিষ্যতে কোস্টগার্ডের জন্য হেলিকপ্টার ক্রয় করা হবে। সুন্দরবনে জলদস্যুদের নতুন করে উৎপাত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জলদস্যুদের উৎপাত বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম ঘটতে দেওয়া হবে না। জলদস্যু বা বনদস্যু, যে ধরনের দস্যুই থাকুক না কেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তাঁদের আইনের আওতায় নিয়ে আসা।
জনতার আওয়াজ/আ আ