ভাগ-বাটোয়ারার নির্বাচনী সমঝোতায় যাবে না এনসিপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভাগ-বাটোয়ারার নির্বাচনী সমঝোতায় যাবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখনো পর্যন্ত কোনো ধরনের আসন ভাগাভাগি বা দরকষাকষির আলোচনা হয়নি এবং নির্বাচনী আসন সমঝোতার পথে না হাঁটার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ৩০টি আসন নিয়ে দর-কষাকষি করছে। জাতীয় নাগরিক পার্টি দৃঢ়তার সাথে জানাচ্ছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া এবং কিছু গণমাধ্যমে চলমান ধারাবাহিক প্রপাগান্ডার অংশ।

বিবৃতিতে বলা হয়, বাস্তবতা হলো, এনসিপি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগি বা দর-কষাকষি নিয়ে কোনো ধরনের আলোচনা করেনি। আমাদের সুস্পষ্ট অবস্থান হলো- গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন সংবিধান প্রণয়ন নিশ্চিত করেই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। গণপরিষদ ও নতুন সংবিধান ছাড়া বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। ভাগ-বাটোয়ারার নির্বাচনী সমঝোতা কেবল গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণার সামিল এবং আওয়ামী ফ্যাসিবাদী শাসনেরই ধারাবাহিকতা। এনসিপি সে পথে কখনো হাঁটবে না।

এতে আরও বলা হয়, আমরা জনগণকে এই ধরনের অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্পর্কে সচেতন থাকার ও বিভ্রান্ত না হবার আহ্বান জানাই। একইসঙ্গে আমরা সব গণমাধ্যমকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করে গণতন্ত্র, দেশ ও জাতি গঠনে গঠনমূলক ভূমিকা রাখার অনুরোধ জানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ