মজনুকে শ্যোন অ্যারেস্ট দেখানোয় মির্জা ফখরুলের নিন্দা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মজনুকে শ্যোন অ্যারেস্ট দেখানোয় মির্জা ফখরুলের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৫, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৫, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে সব মামলায় জামিন পাওয়ার পর মতিঝিল থানার পুরোনো এক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ জুন) দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে বিএনপি মহাসচিব এ নিন্দা-প্রতিবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, রফিকুল আলম মজনুকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতার না করতে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও পেন্ডিং মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে, যা সম্পূর্ণ আইনবহির্ভূত। প্রতিবাদী বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ ও জনবিচ্ছিন্ন গণবিরোধী সরকার মিথ্যা মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিনা কারণে গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে। আদালত থেকে জামিন পাওয়ার পরও জেলগেটে পুনরায় গ্রেফতার অব্যাহত রেখেছে।

‘বিরোধীদলের আন্দোলনকে নস্যাৎ করতে এবং বিরোধী নেতাকর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করতেই সরকার ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। অবৈধ সরকারের সব দমন-নিপীড়ন উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।’

বিএনপি মহাসচিব বলেন, রফিকুল আলম মজনু রাজপথের একজন পরিক্ষিত নেতা। তার মনে ভীতি সঞ্চার করতেই সরকার নানাভাবে হয়রানি করছে। তিনি অবৈধ সরকারের সব দমন-নিপীড়ন উপেক্ষা করে আইনি প্রক্রিয়ায় কারাগার থেকে বের হয়ে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবেন।

অবিলম্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্য এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম মজনুকে সব মামলায় জামিনের পরও শোন এ্যারেস্ট দেখানো ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে মজনুর সব মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ