মহান ভাষা দিবসেও দলবাজি হয়েছে, এটা খুব দুঃখজনক : ড. খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকে স্বাধীনতার ৫১ বছর পর যারা দেশ পরিচালনা করছে, তারা গণতন্ত্র ধ্বংস করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ও ভাষা আন্দোলনের চেতনাকেও ধ্বংস করেছে। মানুষের ভোটাধিকার নেই, জীবনের নিরাপত্তা নেই, বেঁচে থাকার মৌলিক অধিকার নেই। লুটপাট, দুর্নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসপ্রায়।
আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
শহীদ মিনারে অব্যবস্থাপনার কথা তুলে ধরে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বলাকা ভবন থেকে প্রভাতফেরি নিয়ে আমাদের সলিমুল্লাহ মুসলিম হলের সামনে প্রায় পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। এখানে কয়েকটি প্রতিষ্ঠানের নাম বারবার উচ্চারণ করা হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে বেদী ত্যাগ করেনি, তারা বারবার ঘুরে এসে অযথা সময় নষ্ট করেছে।
তিনি বলেন, এটা এখানে দায়িত্বরত পুলিশ-প্রশাসনের ব্যর্থতা। মহান ভাষা দিবসেও এখানে দলবাজি হয়েছে, এটা খুব দুঃখজনক। এখানেও বিএনপি ‘রাজনৈতিক প্রতিহিংসার’ শিকার হয়েছে। প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করেছে।
সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেন, আওয়ামী লীগ বাকশাল করেনি। তার এমন বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ বাকশাল করেনি, এটা হাস্যকর কথা। এর চেয়ে হাস্যকর আর কিছুই হতে পারে না। তারা বরাবরই ইতিহাস বিকৃতি করেছে।
এ সময় বর্তমান রাজনেতিক প্রেক্ষাপট এবং বিএনপির আন্দোলন নিয়েও কথা বলেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, সারাদেশে জনগণ আওয়াজ দিয়েছে, রায় দিয়েছে- যারা গণতন্ত্র হত্যা করেছে, যারা অর্থনীতি ধ্বংস করেছে, যারা বিচার বিভাগ কুক্ষিগত করেছে, তারা এ দেশকে মেরামত করতে পারবে না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আজ দেশের মানুষ বিপন্ন, এ সরকার থেকে জনগণ মুক্তি চায়। অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে এ সরকারকে পদত্যাগ করতে হবে।
এর আগে সকাল সাড়ে ৭টায় আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন বিএনপি নেতা-কর্মীরা। এরপর বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবতা পালন করে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তারা।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি নেতা আমিনুল হক, রফিকুল আলম মজনু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ