মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ১৪ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ১৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

 

মাগুরা প্রতিনিধি

ছবি: সংগৃহীত
ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ড বণ্টনকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তরিকুল ইসলামসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলায় ইতোমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে ৩০০ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কার্ড বণ্টন সংক্রান্ত আলোচনা করতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে যান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইন। সেখানে ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আবুল হোসেন আবু নামে এক কর্মী অভিযোগ করেন, তাকে সভায় ডাকা হয়নি এবং কার্ড বণ্টনে তার অংশ রাখা হয়নি।

বিষয়টি নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ইফতারের পর বাটিকাডাঙ্গা বিএনপি কার্যালয়ের সামনে উভয় পক্ষ পুনরায় মুখোমুখি হলে পরিস্থিতি ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে আবুল হোসেন আবু সমর্থিতরা ধারালো অস্ত্র দিয়ে শেখ তরিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া আসলাম, বাকের, দেলোয়ার, ইয়াছিন, রহিলসহ উভয় পক্ষের আরও অন্তত ১৪ জন আহত হন। এ সময় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে র‌্যাব সদস্যরাও সেখানে উপস্থিত হন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাগুরা সদর থানায় উভয় পক্ষ দুটি পৃথক মামলা দায়ের করে। দুটি মামলায় ৩২ জনের নাম উল্লেখ করে আরও ৩৫ থেকে ৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। গ্রেপ্তারদের মধ্যে এক পক্ষের মামলার বাদীও রয়েছেন।

আটক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, ভিজিএফের কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও অফিস ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারের সর্বোচ্চ মহল থেকে আমাদের প্রতি নির্দেশনা রয়েছে, শুধু এই ঘটনা নয় যে কোন ঘটনাই যারা প্রকৃত দোষী দল মত নির্বিশেষে সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ