মাগুরায় ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ

মাগুরা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতের এ সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তরিকুল ইসলামসহ আরও অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে ৩০০ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়। বুধবার সকাল ১১টার দিকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইন ওই কার্ড বরাদ্দ সংক্রান্ত বিষয়ে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে যান।
এ বিষয়ে পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইন বলেন, ভিজিএফের চালের কার্ড যাতে যথাযথভাবে দরিদ্র মানুষ পায়, সে লক্ষ্যেই ছাত্রদল, যুবদলসহ সব ইউনিটের নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ড বিএনপির অফিসে আমরা আলোচনায় বসেছিলাম। এ সময় আবুল হোসেন আবু নামে এক বিএনপি কর্মী এসে কেন তাকে মিটিংয়ে ডাকা হয়নি এ বিষয়টি তুলে ধরে কার্ডের অংশ দাবি করে তর্কে জড়িয়ে পড়েন। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই পরে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্ড বণ্টন ও মিটিংয়ে আমন্ত্রণ না পাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বাগ্বিতণ্ডা একপর্যায়ে ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তরিকুল ইসলামের সঙ্গে হাতাহাতিতে গড়ায়। পরে ইফতারের পর বাটিকাডাঙ্গা বিএনপি কার্যালয়ের সামনে উভয় পক্ষ পুনরায় মুখোমুখি হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে আবুল হোসেন আবু সমর্থিতরা ধারালো অস্ত্র দিয়ে শেখ তরিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ ওঠে। এ ছাড়া হামলায় আসলাম, বাকের, দেলোয়ার, ইয়াছিন, রহিলসহ উভয় পক্ষের আরও অন্তত ১৪ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে র্যাব সদস্যরাও সেখানে উপস্থিত হন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জনতার আওয়াজ/আ আ