মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

 

মাদারীপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত
মাদারীপুর-১ শিবচর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার ওরফে নাদিরা মিঠু চৌধুরী। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিঠু চৌধুরীর স্ত্রী।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে এক সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর-১ শিবচর আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নাদিরা আক্তার ওরফে নাদিরা মিঠু চৌধুরীর নাম ঘোষণা করেন।

জনগণের সরাসরি ভোটে এমপি হতে মনোনয়নের প্রত্যাশায় মাঠে ছিলেন তিনিসহ এই আসনের প্রায় এক ডজন নেতা। নিজ নিজ আসনে সভা-সেমিনার, উঠোন বৈঠকসহ নানা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সবাই।

জানা গেছে, গত ৩ অক্টোবর মাদারীপুর-১ আসনের শিবচরে বিএনপি থেকে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার একদিন পরই প্রার্থীতা স্থগিত করে বিএনপির হাইকমান্ড।

এদিকে প্রার্থীতা প্রত্যাহারের পর বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী ফের মাঠে নামেন। তাদের মধ্যে দুজন নারী নেত্রী রয়েছেন। তারা হলেন, নাভীলা চৌধুরী ও নাদিরা মিঠু।

মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী, মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু। এছাড়াও তিনি বিগত সময়ে বিএনপি থেকে উপজেলা নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

শিবচরে বিএনপির মনোনয়ন নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবচর উপজেলার বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, সবার আগে দল, দল যাকে নমিনেশন দিয়েছে আমরা বিএনপির নেতা-কর্মীরা তার হয়ে কাজ করবো। তিনি বলেন, শিবচরে বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই, শিবচরে বিএনপি সুসংগঠিত।

জানতে চাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর চৌধুরী বলেন, দল যাকে যোগ্য মনে করেছে তাকে নমিনেশন দিয়েছে, আমি দলের সিদ্ধান্তের বাইরে কখনো ছিলাম না এবং ভবিষ্যতেও যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, আমিও নমিনেশন প্রত্যাশী ছিলাম তবে দল যেটা ভালো মনে করেছে তাই করেছে, আমি এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

এক প্রতিক্রিয়ায় নাদীরা মিঠু চৌধুরী মুঠোফোনে বলেন, আমাকে দল মনোনয়ন দিয়েছে। আমি এতে দলের প্রতি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই আসনটি উপহার দিতে চাই। সবাইকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ