মানুষ যখন না খেয়ে মরছে সরকার তখন উল্লাস করছে : আফরোজা আব্বাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ২:০৭ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এই সরকার মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করছে। তারা উন্নয়নের নামে জনগণের ট্যাক্স নিয়ে বিদেশে পাচার করছে। তারা এতো পদ্মা সেতু পদ্মা সেতু করছে অথচ একদিকে যখন বন্যায় দেশে মানুষ না খেয়ে থেকেছে, তারা তখন পদ্মা সেতু উদ্বোধনের নামে আনন্দ উল্লাসে মেতেছে। তাদের হয় পদত্যাগ, নয়তো দেশ ত্যাগ করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। ফরিদপুর হাই স্কুল মার্কেটের ক্যাপস অন হলে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি ও জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, নাজনীন রহমান, শাহানাজ সুলতানা, রুনা লায়লা পপি প্রমুখ। জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম কর্মী সম্মেলনে সঞ্চালনা করেন।
বক্তাগণ বলেন, জনগণ ভোটের অধিকার হারিয়েছে, মানবিক অধিকার হারিয়েছে মৌলিক অধিকার হারিয়েছে। সরকার বেহায়ার মতো নির্লজ্জভাবে জনগণের উপর চেপে বসেছে। এই সরকারকে আজ উৎখাত করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
কর্মী সম্মেলনে একজন উপদেষ্টা ও ১২ সদস্যবিশিষ্ট ফরিদপুর জেলা মহিলা দল এবং ৮ সদস্যবিশিষ্ট ফরিদপুর মহানগর কমিটি গঠন করা হয়।
ফরিদপুর জেলা শাখা : উপদেষ্টা ইয়াসমিন আরা হক। সভাপতি নাজরীন রহমান, সিনিয়র সহ সভাপতি বিলকিছ ইসলাম ও শাহনাজ সুলতানা, সাধারণ সম্পাদক নাসরিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নি রহমান, হাসিনা আক্তার হাসি, রুনা লাইলা ও আকলিমা মেম্বার, সাংগঠনিক সম্পাদক লুবনা জাহান, সহ সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার, হাবিবা আক্তার আশা ও পাপিয়া ইসলাম।
ফরিদপুর মহানগর শাখা : সভাপতি রোকসানা পারভিন পাপিয়া, সিনিয়র সহ সভাপতি কামরুন্নানাহার, সাধারণ সম্পাদক শিল্পি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রেবেকা করিম, পলি বেগম ও আয়শা সিদ্দিক সেকেন, সাংগঠনিক সম্পাদক শিউলী আক্তার ও সহ সাংগঠনিক সম্পাদক নুরুন্নাহার বেগম।
জনতার আওয়াজ/আ আ