মার্কিন ভিসা নিষেধাজ্ঞার হুমকি সামলানোর উপায় কী হাসিনা সরকারের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২৮, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২৮, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে একটি হুমকি আসছে এটি বেশ কিছুদিন থেকেই বাংলাদেশের সরকার সম্ভবত আঁচ করছিল। কারণ, স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ থেকে সাম্প্রতিক কয়েক সপ্তাহে খোলাখুলি আমেরিকার তীব্র সমালোচনা শোনা গেছে।
এপ্রিলে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমেরিকা চাইলে যে কোনো দেশেই ক্ষমতা ‘উল্টে-পাল্টে’ দিতে পারে। এ মাসে লন্ডনে তিনি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন “আমেরিকা আমাকে ক্ষমতায় দেখতে চায়না।”
কিন্তু এখন প্রশ্ন হলো ওয়াশিংটনের কাছ থেকে কাগজে-কলমে ভিসা নিষিদ্ধের এই হুমকি চলে আসার পর কী করবে আওয়ামী লীগ সরকার?
অগামী নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে বলে যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী হাসিনা এবং তার মন্ত্রীরা দিতে শুরু করেছেন, তাতে কি আমেরিকাকে আশ্বস্ত করা যাবে?
অধিকাংশ পর্যবেক্ষক তা মনে করছেন না, কারণ এ মাসেই ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অ্যান্টনি ব্লিনকেনের সাথে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের পক্ষ থেকে দেওয়া অবাধ নির্বাচনের প্রতিশ্রুতির দুই সপ্তাহ না যেতেই মি. ব্লিনকেন নিজে এই ভিসা নিষেধাজ্ঞার হুমকি ঘোষণা করেন।
বোঝাই যাচ্ছে, আমেরিকা প্রমাণ দেখতে চাইছে।
তবে কেউই বিশ্বাস করছেন না যে আমেরিকার কাছ থেকে এই হুমকির পর রাতারাতি বাংলাদেশের রাজনৈতিক আবহ বদলে যাবে। বিরোধী রাজনৈতিক দলগুলো কোনো চাপ ছাড়াই নির্বাচনের জন্য প্রস্তুত হতে পারবে, বা গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে।
ঢাকায় একাধিক সাবেক কূটনীতিক বিবিসি বাংলাকে বলেছেন এই রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ সামাল দিতে তলে তলে আমেরিকার সাথে দেন-দরবার দর-কষাকষির পথে যাবে সরকার।
“এটাই প্রটোকল, অতীতেও বিভিন্ন ইস্যুতে তা করা হয়েছে, এবারও হবে। কারণ, আমেরিকার সাথে সম্পর্ক এখনও বাংলাদেশের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক অগ্রাহ্য করার কোনো রাস্তা এখনও নেই,” নাম প্রকাশ না করার শর্তে বলেন সাবেক একজন কূটনীতিক।বিবিসি
জনতার আওয়াজ/আ আ