মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সত্য ইতিহাস তুলে ধরতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সত্য ইতিহাস তুলে ধরতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
গণমাধ্যমকর্মীদের মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সত্য ইতিহাস তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, যতবারই দেশ ক্রান্তিকালে পড়েছে, ততবারই একটি পরিবার বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার।

শনিবার (১৬ মে) বিকেলে নগরীর কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘরে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটির (পিআরইউ) উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করতে এ ধরনের ফোরাম (পিআরইউ) বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হলে বাংলাদেশি জাতীয়তাবাদের কোনো বিকল্প নেই। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমাদের মাতৃসম নেত্রী, যিনি বাংলাদেশের অধিকার সমুন্নত রাখতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায় কিংবা দেশবিরোধী শক্তির সঙ্গে আপস করেননি। একইভাবে তার এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানও কোনো অন্যায়ের সঙ্গে আপস না করে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, ভূমিকা রাখার পরও কখনো তার কৃতিত্ব নেওয়া বা এর সুবিধাভোগী হওয়ার লোভ-লালসা তাদের ছিল না। এ কারণেই দেশবিরোধী শত ষড়যন্ত্রের পরও বাংলাদেশের মানুষ তাদের ওপর আস্থা রেখে বিপুল ভোটে দলকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

মীর হেলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা নিশ্চিত করেননি, তিনি বাক্‌স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতাও ফিরিয়ে দিয়েছেন। একইসঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন। আজ বাংলাদেশের অর্থনীতির যে তিনটি প্রধান স্তম্ভ— কৃষি, তৈরি পোশাক শিল্প (আরএমজি) এবং শ্রম রপ্তানি খাত— এই তিনটিরই প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে যে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে, তার বিরুদ্ধে এখন সত্য তুলে ধরার সময় এসেছে। জেলহত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে, অথচ ৩ নভেম্বর থেকেই তিনি গৃহবন্দি ছিলেন। এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এজন্যই আজকের এই আয়োজন গুরুত্বপূর্ণ। পিআরইউ’র মতো আরও সংগঠন গড়ে উঠতে হবে, যারা বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে মানুষকে সত্য ইতিহাস জানাবে।

পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটির (পিআরইউ) আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমরান এমির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, পিআরইউ উপদেষ্টা ও জাসাসের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন এবং মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা।

এছাড়া বক্তব্য দেন পিআরইউ’র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, শহীদ জিয়াউর রহমান কলেজের সাবেক উপাধ্যক্ষ জাকির হোসেন, সৈয়দ নেছার উদ্দিন বুলু, পিআরইউ সদস্য মোহাম্মদ আলী, নূর হোসেন মামুন, তৌহিদুল ইসলাম তৌহিদ, মনজুর মোরশেদ রনি, তৌহিদুল রহমান, হাটহাজারী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাঈল বিন মনির, সরকারি কমার্স কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী রায়হান এবং এমইএস কলেজ ছাত্রদলের সদস্য সচিব মির্জা ফারুক।

এ সময় প্রতিমন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে পিআরইউ সদস্য জহিরুল ইসলাম জহির রচিত ‘অনন্য রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য এস এম আবু ছালেহ, মহানগর বিএনপির সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক আবু মুছা এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ আকবরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ