মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা করছে সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মহান মুক্তিযুদ্ধে শহিদদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বুধবার (২৯ এপ্রিল) সংসদে এমপি মো. রুহুল আমীন দুলালের এক প্রশ্নের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মন্ত্রী বলেন, ‘বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত শহিদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬ হাজার ৪৮০। এর মধ্যে শহিদ বেসামরিক ৩ হাজার ৬৯৮ জন, সশস্ত্র বাহিনীর ১ হাজার ৫৪১ জন, বিজিবির ৮১৭ জন, পুলিশের ৪২৩ জন এবং আনসার বাহিনীর ১ জন রয়েছেন। এছাড়া গেজেটভুক্ত শহিদ বুদ্ধিজীবীর সংখ্যা ৫৬০।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষ গণহত্যার শিকার হয়েছেন। কিন্তু স্বাধীনতার এত বছর পরও তাদের একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন সম্ভব হয়নি। অথচ তাদের আত্মত্যাগের বিনিময়েই দেশ স্বাধীনতা অর্জন করেছে।’
মন্ত্রী জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনায় বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে গবেষণাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছে। সেই লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন।
এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহিদ ও গণহত্যার শিকার সব মানুষের একটি নির্ভুল তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা যাবে বলেও তিনি জানান।
জনতার আওয়াজ/আ আ