মোদীর যে বক্তব্যে ভারতজুড়ে সমালোচনার ঝড়! (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় বইছে। দেশটির অধিকাংশ বিরোধীদল ও নাগরিক সমাজের বড় অংশই তার সেই বক্তব্যের বিষয়ে প্রশ্ন তুলেছে।
কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে তৃণমূল-আপ-শিবসেনা-এসপি-আরজেডি— সব রাজনৈতিক দলের নেতাদেরই দাবি, একজন প্রধানমন্ত্রী হয়ে আত্মহত্যার মতো ভয়াবহ বিষয়কে নিয়ে হাসিঠাট্টা করা খুবই অসংবেদনশীলতার পরিচয়।
উল্লেখ্য, গত বুধবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে নরেন্দ্র মোদী একটি কৌতুক বলেন। কৌতুকের মূল বিষয় ছিল- এক অধ্যাপকের মেয়ে সুইসাইড নোট লিখে বাড়ি থেকে বেরিয়ে যান। সেই নোট যখন অধ্যাপক বাবার চোখে পড়ে, তিনি তখন বানান ভুল ধরতে ব্যস্ত হয়ে পড়েন।
মোদীর এই কৌতুক নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের একাধিক বিরোধী দল। তাদের বক্তব্য, আত্মহত্যা তথা মানসিক স্বাস্থ্য নিয়ে দেশবাসীর সামনে তামাশা করলে অত্যন্ত ভুল বার্তা যায়। বিশেষত ভারতের মতো দেশে, যেখানে আত্মহত্যার পরিসংখ্যান রীতিমতো শিউরে ওঠার মতো।
প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, “অবসাদ-আত্মহত্যা, বিশেষ করে যুবসমাজের মধ্যে, কোনওভাবেই হাসির ব্যাপার নয়। প্রধানমন্ত্রী নিজে এবং প্রধানমন্ত্রীর কথা শুনে যারা হো হো করে হাসলেন, তারা বরং নিজেদের একটু শিক্ষিত করুন। মানসিক স্বাস্থ্য নিয়ে অসংবেদনশীল, অসুস্থ মশকরা না করে সচেতনতা বাড়ান।”
রাহুল গান্ধী হিন্দিতে লিখেছেন, “হাজার হাজার পরিবার আত্মহত্যার জেরে তাদের সন্তান হারিয়েছে। তাদের নিয়ে মজা করা ঠিক নয়।”
জনতার আওয়াজ/আ আ