যুগান্তরে সংবাদ প্রকাশ : সেই মহিলা দল নেত্রী বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশ : সেই মহিলা দল নেত্রী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ

 

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ধর্ম বিষয়ক সম্পাদক লাইজু বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয়তাবাদী দলের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি রওশন আরা রত্না ও সাধারণ সম্পাদক নাসরিন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লাইজু বেগমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এরপর তার সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখতেও বলা হয়েছে।

জানতে চাইলে রওশন আরা রত্না বলেন, লাইজু বেগমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ এসেছিল। দীর্ঘদিন ধরেই তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্থানীয় এবং দলের নেতাকর্মীরা অতিষ্ঠ ছিলেন। দলের পদ ব্যবহার করে একের পর এক লোকজনকে মিথ্যা মামলায় জড়ানো, মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, মারধর ও হয়রানি করার মতো গুরুতর অভিযোগগুলো আমাদের নজরে আসে।

তিনি বলেন, মহিলা দল একটি সুশৃঙ্খল ও জনবান্ধব সংগঠন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং জনগণের স্বার্থের পরিপন্থি এমন কোনো কাজকে আমরা প্রশ্রয় দিতে পারি না। তাই দলের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর দৈনিক যুগান্তরের অনলাইন ভার্সনে ‘গোপালগঞ্জে মহিলা দল নেত্রীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এরপর সংগঠনের নেতাকর্মীদের নজরে আসে বিষয়টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ