যুবলীগের মঞ্চে সিসিক মেয়র আনোয়ার, ‘তারুণ্যের সমাবেশে’ ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ৯, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ৯, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সিলেট মহানগরে আজ রবিবার (৯ জুলাই) দুই কিলোমিটারের ব্যবধানে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ করছে বিএনপির সহযোগী তিন সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এবং ক্ষমতাসীন
দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। বিকেল ৩টা থেকে দুই সমাবেশেরই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে বেলা পৌনে ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়েছে। বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে সমাবশমঞ্চে এসে উপস্থিত হয়েছেন। বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠনের আলিয়ার মাঠের ‘তারুণ্যের সমাবেশে’ কয়েক হাজার নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন।
অন্যদিকে, মহানগরের রেজিস্টারি মাঠে বিকাল তিনটায় ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে সমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ইতোমধ্যে সমাবেশমঞ্চে তিনি এসে উপস্থিত হয়েছেন।
এছাড়া যুবলীগের সমাবেশে উপস্থিত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।
উভয়পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ সকাল থেকে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের অবস্থান দেখা গেছে। দুটি প্রধান রাজনৈতিক দলের সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি ঘিরে জনমনে আতঙ্ক ও উদ্বেগ থাকলেও উভয়পক্ষই অপ্রীতিকর ঘটনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চায় বলে জানিয়েছে।
জনতার আওয়াজ/আ আ