যে কারণে ট্রলের শিকার হন সামান্থা রুথ প্রভু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
তেলেগু ও বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু। সম্প্রতি এই অভিনেত্রী এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এ ‘সত্যতা’ শীর্ষক অধিবেশনে অংশ নেন। সেখানে তিনি মানুষের সামনে সংবেদনশীল এবং সৎ থাকার বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। অভিনেত্রী স্পষ্টভাবে জানান, তিনি নিজেকে কখনো নিখুঁত হিসেবে দেখেন না। এ ছাড়াও সৎ থাকার কারণে তাকে মানুষের থেকে ট্রল এবং সমালোচনার মুখে পড়তে হয়েছে বলেও জানান তিনি।
সামান্থা বলেন, ‘আমি নিখুঁত নই; আমি ভুল করতে পারি, হোঁচট খেতে পারি তবে আমি আরও ভালো হওয়ার চেষ্টা করছি।’ ‘সত্যতা’ প্রসঙ্গে সামান্থার অভিমত, এটি কোনো চূড়ান্ত গন্তব্য নয় বরং এটি একটি চলমান প্রক্রিয়া। পাশাপাশি জীবনে সবকিছু পরিকল্পনা অনুযায়ী না হলেও, তিনি সেটা খোলাখুলিভাবে বলতে পারেন বলেও উল্লেখ করেন এ তারকা।
অভিনেত্রী জানান, তার ব্যক্তিগত জীবনের অনেক ঘটনাই জনসমক্ষে ঘটেছে বলেই তিনি এখন নিজের অভিজ্ঞতা সম্পর্কে খোলামেলা কথা বলতে সক্ষম। তিনি বলেন, ‘আমি কেবল আমার জীবন নিয়েই কথা বলতে পারি, অন্য কারও জীবন নিয়ে নয়। জীবনের অভিজ্ঞতা নিয়ে আমি যতটা সম্ভব সত্য বলার চেষ্টা করি।’
অধিবেশনে তিনি আরও উল্লেখ করেন, তার ব্যক্তিগত সংগ্রাম, বিচ্ছেদ এবং অসুস্থতার বিষয়গুলো। এসব সবাই জানে। কারণ সেগুলো প্রকাশ্যেই ঘটেছিল। এ নিয়ে তিনি বহু ট্রল এবং সমালোচনার মুখোমুখি হয়েছেন। সামান্থার কথায়, ‘অনেক বেশি খোলামেলা ও সংবেদনশীল হওয়ার কারণে লোকদের থেকে আমায় একটু বেশিই বিচার-বিবেচনার মুখে পড়তে হয়েছে।’
অনুষ্ঠানে সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যম ও তারকা সংস্কৃতি কীভাবে জনসাধারণের ওপর প্রভাব ফেলছে তা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘বিশ্বের শীর্ষ ১ শতাংশ মানুষ কীভাবে জীবনযাপন করে, এখন সেটা সবাই জানে। এই তথ্যের সহজলভ্যতা অনেক সময় বাকিদের জন্য হতাশাজনক হতে পারে। কারণ সবাই সেভাবে জীবনযাপন করতে পারে না। তাই আমাদের এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।’
এদিকে, অভিনয়ে সামান্থা বর্তমানে নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। শিগগিরই ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এ ছাড়াও ‘মা ইন্তি বাঙ্গারাম’ শিরোনামের একটি তেলেগু সিনেমাতেও অভিনয় করবেন তিনি।
জনতার আওয়াজ/আ আ