রাজধানীর একটি সড়ক কাতারের সাবেক আমিরের নামে করার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানীর একটি উপযুক্ত সড়কের নাম তার নামে রাখার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের আনীত কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ করা সম্পর্কিত এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা ইতোমধ্যে ঢাকা সিটি করপোরেশনকে মৌখিকভাবে দেওয়ার কথা সংসদকে জানান।
প্রধানমন্ত্রী বলেন, যে প্রস্তাবনা বিরোধী দলের নেতা উপস্থাপন করেছেন, গতকালই ঢাকা সিটি করপোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামে নামকরণের জন্য আমি এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশনা দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, আজ বিরোধীদলীয় নেতা এই বিষয়টি উপস্থাপন করার জন্য আমি সরকারের পক্ষ তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান দেখিয়ে কাতারের জনগণের প্রতি সম্মান প্রদর্শন করছি। কাতার এমন একটি দেশ, যারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে দেশের অগ্রযাত্রায় আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং এখনও করছে।
তারেক রহমান বলেন, লাখ লাখ বাংলাদেশিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে কাতার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অংশীদার। শুধু তাই নয়, এর ভেতরে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে আক্রান্ত হওয়ার পরও আমাদের লাখ লাখ প্রবাসীকে তারা নিজেদের নাগরিকদের মতো টেককেয়ার করেছে। তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করেছে।
তিনি বলেন, এসব বিষয় বিবেচনা করে শেখ হামদ বিন খলিফা আল থানির জন্য আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আজ আমাদের জাতীয় পতাকাকে হাফ মাস্ট করা হয়েছে।
উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। রবিবার সামাজিক মাধ্যমে কাতারের বর্তমান আমিরের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর কথা জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার বাংলাদেশ শোক পালন করছে এবং জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে। বাংলাদেশের শোক ও সমবেদনা জানাতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের দোহায় গেছেন। খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্বপালন করেন।
জনতার আওয়াজ/আ আ