রাজধানীর নর্দায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৯, বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর নর্দায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৭, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৭, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর ভাটারা থানার নর্দা এলাকায় দুটি বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ থেকে ১২ জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও রবিউল (২২)।

তাদের বাড়ি বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকায়।

আহতদের কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যাক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে গিয়ে উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।

খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিস এসে বাস থেকে একজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আহত অন্তত ১৩ জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

পরে কুর্মিটোলা হাসপাতালে দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, নর্দা এলাকায় সড়কে ভিড় ছিল। বেপরোয়া গতিতে আসা ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বিপরীত লেনের বাসে ধাক্কা দেয়। আকাশ পরিবহনের বাসে যাত্রী বেশি থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ