রায় পূর্ব নির্ধারিত ম্যান্ডেটবিহীন : শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মৃত্যুদণ্ডের রায় ‘কারচুপিপূর্ণ ও পূর্বনির্ধারিত’ বলে তা প্রত্যাখ্যান করেছেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক দেয়া রায়ের প্রতিক্রিয়ায় ভারতের অজ্ঞাত স্থান থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন তিনি। প্রতিক্রিয়াটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। হাসিনা বলেছেন, এই রায় উদ্দেশ্যপ্রণোদিত। এটি জনগণের ম্যান্ডেটবিহীন অনির্বাচিত সরকারের ফসল। হাসিনা আরও বলেন, স্বচ্ছ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে তার কোনো ভয় নেই। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার উদ্দেশ্যেই এই রায় দেয়া হয়েছে।
হাসিনা দাবি করেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা উদ্দেশ্য নয়। অন্তর্বর্তী সরকার ও তার উপদেষ্টাদের ব্যর্থতার ওপর থেকে বৈশ্বিক নজর সরাতেই এ রায় দেয়া হয়েছে। হাসিনা আরও বলেন, তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছেন এই অভিযোগগুলো হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যেতে। এদিকে হাসিনাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এক খবরে বলেছে, আদালত কর্তৃক আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। বলেছেন, রায়টি পক্ষপাতদুষ্ট। পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে তার কোনো ভয় নেই।
জনতার আওয়াজ/আ আ