রিমান্ড শেষে কারাগারে সালমান ও মামুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ৮, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ৮, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৮ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর কাউছার হুসাইন পাঁচদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মো. শরীফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২০ জানুয়ারি এ মামলায় তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।
এদিকে গত বছরের ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর দফায় দফায় বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয় পুলিশের সাবেক এই প্রধানকে।
জনতার আওয়াজ/আ আ