রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী শুটার শফিকবিদেশি পিস্তলসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জ রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম (শফিক) ওরফে শুটার শফিককে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-১১)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে রাজধানীর মাদারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।
র্যা ব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলা।
শফিকুল ইসলাম তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্ণগোপ এলাকার মো. ফাইজুল ইসলামের ছেলে। একসময় তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন এবং রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন শুটার শফিক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, অস্ত্রবাজি ও মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের। এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল।
রূপগঞ্জের বিভিন্ন এলাকায় শফিকের নামে চাঁদা দাবি, অস্ত্রের মহড়া, প্রতিপক্ষকে মারধর ও গুলির ভয় দেখানোর বহু অভিযোগ রয়েছে। কর্ণগোপ এলাকায় তিনি দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। এমনকি সম্প্রতি তিনি বেশ কয়েকটি জমি দখল ও জোরপূর্বক অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ উঠেছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, শফিকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
স্থানীয়রা জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ও রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনের পর বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন শফিক। ক্ষমতার শূন্যতা কাজে লাগিয়ে তিনি চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার অপকর্ম ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন গোটা এলাকাবাসী। শেষ পর্যন্ত তার গ্রেফতারে স্বস্তির নিশ্বাস ফেলেছেন স্থানীয়রা।
জনতার আওয়াজ/আ আ