রোগ প্রতিরোধে বাংলাদেশের পরিকল্পনা বিশ্বনেতাদের জানালেন প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোগ প্রতিরোধে বাংলাদেশের পরিকল্পনা বিশ্বনেতাদের জানালেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
লিভার রোগ প্রতিরোধে বাংলাদেশের দৃঢ় অবস্থান ও কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বিশ্বব্যাপী লিভার রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে ফ্যাটি লিভার প্রতিরোধে আয়োজিত এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক নীতিনির্ধারণী সম্মেলনের অন্যতম প্যানেলিস্ট হিসেবে অংশ নেন তিনি।

শুক্রবার (২২ মে) সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ‘৭৯তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি’ (ডব্লিউএইচএ৭৯)-এর সাইডলাইনে বিশ্বব্যাপী লিভার রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে স্টিয়াটোটিক লিভার ডিজিজ (ফ্যাটি লিভার) প্রতিরোধে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক নীতিনির্ধারণী এই সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘গ্লোবাল লিভার ইনস্টিটিউট’ বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এই সাইড লাইন সভার আয়োজন করে।

সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের স্বাস্থ্য খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা একমত হন যে, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ধরণে পরিবর্তন আনা, সময়মতো রোগ শনাক্ত করা এবং সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ অংশীদারত্ব গড়ে তোলা এখন সময়ের অনিবার্য প্রয়োজন।

সম্মেলনে প্যানেলিস্টদের মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতও উপস্থিত ছিলেন। তিনি বলেন, অসংক্রামক রোগ বা এনসিডিড (এনসিডিএস) তালিকায় লিভারের রোগ দীর্ঘদিন ধরেই আড়ালে থেকে গেছে। বিশ্বজুড়ে লাখো মানুষের অকাল মৃত্যুর জন্য এই নীরব ঘাতক দায়ী। এটি রোধ করতে হলে প্রাথমিক স্বাস্থ্যসেবা স্তর থেকেই আধুনিক রোগ শনাক্তকরণ ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে ফ্যাটি লিভারসহ অন্যান্য সংক্রামক ও অসংক্রামক লিভার রোগ প্রতিরোধে যুগোপযোগী ডিজিটাল স্ক্রিনিং ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধির সমন্বিত কার্যক্রম গ্রহণ করা জরুরি।

সংলাপে বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী ও শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। প্যানেলে ড. এম এ মুহিতের পাশাপাশি পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ মুস্তফা কামাল, নাইজেরিয়ার স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক মুহাম্মদ আলী পাটে, রাশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রী ড. ওলেগ সালাগে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ ড. সালমান খলিফা আবদুল্লাহ আল সাবাহ এবং কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অসংক্রামক রোগ প্রতিরোধ বিভাগের প্রধান শেখ ড. মোহাম্মদ বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন। এছাড়া চীনের ন্যাশনাল হেলথ কমিশনের প্রতিনিধি লেই হাইচাও সেশনে নিজ নিজ দেশের কৌশলগত অবস্থান তুলে ধরেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স হেনরি পি ক্লুগে, মিসরের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী অধ্যাপক ডা. খালেদ আবদেল গাফফার এবং গ্লোবাল লিভার ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ল্যারি আর হোল্ডেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ