রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান : প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা জনগণকে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন করাই এ দীর্ঘস্থায়ী সঙ্কটের একমাত্র কার্যকর সমাধান।
তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো একমাত্র কার্যকর সমাধান। এক্ষেত্রে কোনো বিকল্প নেই।’
সোমবার নিউইয়র্কে অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও বর্তমানে জাতিসঙ্ঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সাথে সাক্ষাতে অধ্যাপক ইউনূস এমন মন্তব্য করেন।
জাতিসঙ্ঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে মঙ্গলবার অনুষ্ঠিত হবে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) শুরু হবে এই সম্মেলন।
বৈঠকে তারা রোহিঙ্গা সঙ্কট, মিয়ানমারের রাখাইন প্রদেশের পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য তহবিল ঘাটতি এবং মঙ্গলবারের আন্তর্জাতিক সম্মেলনে আলোচনা হতে যাওয়া সম্ভাব্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘আশা করি মঙ্গলবার অনুষ্ঠিতব্য সম্মেলনে কিছু কার্যকর প্রস্তাব উপস্থাপন করা হবে। এটি এমন একটি বিষয় যা বিশ্বের অগ্রাহ্য করার সুযোগ নেই।’
জুলি বিশপ রোহিঙ্গাদের সহায়তায় তহবিল উৎস বৈচিত্র্য করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং ওআইসি সদস্য দেশগুলোকে তাদের অবদান বৃদ্ধি করার আহ্বান জানান।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
জনতার আওয়াজ/আ আ