শার্লক হোমসের তাঁবু চুরির কল্পকথাঃ ৭ই জানুয়ারীর ‘’ডামি” নির্বাচন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শার্লক হোমসের তাঁবু চুরির কল্পকথাঃ ৭ই জানুয়ারীর ‘’ডামি” নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৫, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৫, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ

 

তানভীর বারী হামিম
শার্লক হোমস বললেন, ‘ডা. ওয়াটসন, ওপরে তাকান। কী দেখতে পাচ্ছেন?’
ওয়াটসন বললেন, ‘আকাশে অনেক তারা।’
‘এর মানে কী?’
‘কাল দিনের বেলা রোদ উঠবে, আকাশ মেঘমুক্ত।’
শার্লক হোমস বললেন, ‘হয়নি। এর মানে হলো আমাদের তাঁবুটা চুরি হয়ে গেছে।’
আসলেই ২০২৪ সালের সূচনাতেই বাংলাদেশের গনতন্ত্র তৃতীয়বারের মত চুরি হয়ে গেছে। তবে শার্লক হোমসের গল্পের ডঃ ওয়াটসন চোর নয় বরং তার এ্যাসিসট্যান্ট হিসাবে মতামত দিয়েছেন। খোলা আকাশে ঝিকিমিকি তারা দেখে তিনি নিশ্চিত হয়েছিলেন আগামীকাল মেঘমুক্ত আকাশে ঝলমলে রোদ উঠবে।
ক্ষনকাল আগে শেখ হাসিনা জনগনকে বোকা বিবেচনা করে আওয়ামী লীগ জাত ও পাতের কাউকে তাজ্য, কাউকে জ্ঞাতী ভাই, কাউকে বন্দুকের নল ঠেকিয়ে বিভিন্ন মারপ্যাঁচে নির্বাচনী ওয়ারিশ সাজিয়ে নির্বাচনী আকাশে বিভিন্ন তারকা এঁকে জনগনকে ধোঁকা দিয়ে নির্বাচনের দিনে মেঘমুক্ত আকাশে ঝলমলে রোদ উঠাতে প্রানান্ত চেষ্টা করেন।
শেখ হাসিনার কল্পিত নির্বাচনে প্রত্যক্ষ- পরোক্ষ উপায়ে তিনিই ৩০০ আসনে একক প্রার্থী বাকী সব প্রার্থী স্বাক্ষীগোপাল এবং ১১ কোটি ভোটারের পক্ষে তিনিই একমাত্র ভোটার। সুতরাং তার ইচ্ছানুযায়ী ভোটের ফলাফল ও বিজয়ী প্রার্থীর নাম ঘোষনা করেন কাজী হাবিবুল আওয়াল নির্বাচন কমিশন। আসল ব্যাপার হলো বাংলাদেশে ভোটের নির্বাচন ও গনতন্ত্র চুরি হয়ে গেছে। চুরি প্রক্রিয়ায় অর্জিত ফলাফলের ভাগ-বন্টন কে আবার জায়েজ করার জন্য দেশে নেচে গেয়ে ভোটের উৎসব-পার্বন করে এবং নিজের দলের মধ্যে খুন-খারাবির মত ঘটনার জন্ম দিয়েছেন।
নিজস্বার্থ উদ্ধারে নিজের দলের কর্মীদের বলিদান করে একতরফা ভোট ব্যবস্হার দৃশ্যায়ন করেছেন। এবারও স্বাক্ষীগোপাল হিসাবে দেশী গনমাধ্যম কিংবা ভাড়ায় খ্যাপ খেলতে আসা রাশিয়া, উগান্ডার মতন একচ্ছত্রপতি দেশের নির্বাচনী পর্যবেক্ষকগণ ঘটমান এই নিপাতনে সিদ্ধ নির্বাচনকে ফন্দি ফিকির করে স্বচ্ছতার যে তকমাই দেন না কেন, তাকে কি নির্বাচন বা গনতন্ত্র বলা যাবে ?? নাকি শার্লক হোমসের মতই বলতে হবে আমাদের নির্বাচন ও গনতন্ত্র দু’টিই চুরি হয়ে গেছে॥ আসলেই বাংলাদেশের ভোট ব্যাবস্থা বিলীন হয়ে গনতন্ত্র খোয়া গেছে।
(২)
ডয়েসে ভেলে বাংলা অনলাইন সংবাদ মাধ্যমের উপস্থাপক সাংবাদিক খালেদ মহিউদ্দিন, ৭ জানুয়ারী ঢাকা শহরে তার সাধ্যমত বেশ কয়েকটি পাতানো নির্বাচনের সাজানো ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে দেখিয়েছেন, দুপুর গড়িয়ে গেছে তবুও প্রিডিসাইডেড ফলাফলের নির্বাচনী শো-আপে শেখ হাসিনার সমর্থনে ভোটার অংশগ্রহনের শতকরা হিসাব হচ্ছে সিঙ্গেল ডিজিট মানে ২ বা ৩ শতাংশ॥
গল্পের ডঃ ওয়াটসনের মত সরল উক্তিতে প্রধান নির্বাচনী কমিশনার কাজী হাবিবুল আওয়াল দুপুরে ভাত ঘুম থেকে উঠে প্রথমে ভোটের পার্সেন্টেজ যেই না ২৭ শতাংশ বললেন তৎক্ষনাৎ তার সচিব ঘুমন্ত কাজী সাহেবকে মুখে পানির ছিটা দেয়ার মত শুধরে দিয়ে বললেন ৪০ শতাংশের উপরে ভোট সংগ্রহ করা হয়েছে। ভোটারবিহীন ফাঁকা মাঠে সাজানো নির্বাচনে পাতানো ভোটের চুড়ান্ত হিসাব অবশ্য প্রকাশ করেছেন নির্বাচন কমিশন ৪১ পারসেন্টেজের উপরে। কিন্তু গল্পকার শার্লক হোমসের মতই ডয়েসে ভেলে এবং বিবিসি বাংলা অনলাইন সংবাদ মাধ্যম দেশবাসীকে জানিয়েছেন, দেশের বৃহৎ অংশের ভোটার ভোটের মাঠে অনুপস্হিত থেকে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে সমর্থন দিয়েছেন এবং প্রকারন্তরে তার একটি আনুমানিক গড় হিসাব প্রকাশ করেছেন।
শতকরা ৯৭ ভাগ জনগন শেখ হাসিনা এবং তার মঞ্চস্হ নির্বাচনী নাটককে সরাসরি ‘না’ করেছে মানে দেশের প্রায় গোটা জনগনই বিশ্বাস করে যে দেশে ভোটের নির্বাচন ও গনতন্ত্র চুরি হয়ে গেছে। কিন্তু গনতন্ত্রে বিশ্বাসী জনগন কখনো পরাজিত হয়না। রাজনীতির ইতিহাসে চোর ধরা পড়ে পরাজিত হয় এবং শাস্তি পায়। অবস্হা দৃষ্টে নকল কিংবা ভেজাল পণ্যের বাহারী বিজ্ঞাপনে শতকরা ৩ ভাগ জনগন বিমোহিত হলেও বাস্তবতা হলো শতকরা ৯৭ ভাগ জনগন আসল পন্যের অনুসন্ধানে সংগ্রাম চালিয়ে যাবে।
সুতরাং গণতন্ত্র পিয়াসী জনতার চলমান সংগ্রামের কাছে দেশে-বিদেশে প্রত্যাখ্যাত ও তিরস্কৃত নকল নির্বাচনের নকল সরকার পরাজিত হবেই । পরিশেষে ভোটের নির্বাচন ও গনতন্ত্র পূনরুদ্ধারে শতকরা যে ৩ ভাগ দালাল বিরোধিতা করছেন তারা স্বাক্ষী গোপাল হয়ে ইতিহাসের ময়লা আবর্জনায় স্হান পাবেন॥

লেখকঃ‌ তানভীর বারী হামিম
প্রচার সম্পাদক কবি জসীম উদ্দীন হল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রদল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ