শাহরাস্তিতে খাল পুনর্খননে তারেক রহমান, জিয়ার উদ্যোগের পুনর্জাগরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩২, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাহরাস্তিতে খাল পুনর্খননে তারেক রহমান, জিয়ার উদ্যোগের পুনর্জাগরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তির খোর্দ্দ খাল যেন শুধু একটি জলধারা নয়- এটি বহন করছে একটি রাজনৈতিক ইতিহাস, একটি পরিবারের স্মৃতি এবং গ্রামীণ জনপদের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রায় ৪৮ বছর আগে যে খালের খননকাজে সরাসরি অংশ নিয়েছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করলেন তারই ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৬ মে) দুপুর ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় প্রবীণদের অনেকেই স্মরণ করেন ১৯৭৭-৭৮ সালের সেই সময়কে, যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সে সময় তিনি শাহরাস্তিতে এসে খোর্দ্দ খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন।

দীর্ঘ সময়ের ব্যবধানে সেই খাল আজ অনেকটাই ভরাট ও সংকুচিত। বর্ষায় জলাবদ্ধতা, শুকনো মৌসুমে সেচ সংকট এবং কৃষিকাজে স্থবিরতা তৈরি হয় এলাকায়।

স্থানীয়দের ভাষ্য, নতুন করে খাল পুনর্খননের মাধ্যমে শুধু পানি প্রবাহই ফিরবে না, ফিরবে বহু পুরনো স্মৃতির পুনর্জাগরণ।

স্থানীয় সূত্র জানায়, প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনর্খননের ফলে ২৪১ হেক্টর কৃষিজমি পুনরায় সেচ সুবিধার আওতায় আসবে। উপকৃত হবে প্রায় ২ হাজার ৭৮৮ কৃষক পরিবার। পাশাপাশি মাছ চাষ, পানি নিষ্কাশন ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।

সকালে ঢাকা থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে রওনা হয়ে কুমিল্লার বরুড়া হয়ে শাহরাস্তিতে পৌঁছান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে শাহরাস্তি, হাজীগঞ্জ ও আশেপাশের এলাকায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ওয়ারুক বাজার এলাকায় হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক আবেগঘন পরিবেশের রূপ নেয়। স্থানীয় অনেক প্রবীণ বলেন, বাবা যে খাল খনন করেছিলেন, আজ ছেলে এসে সেই খাল আবার খনন শুরু করলেন, এটা আমাদের জন্য অন্যরকম অনুভূতি।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। আজ চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট বিশ্বখাল পুনর্খনন কার্যক্রমও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ