শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোচ্চার তারকারা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোচ্চার তারকারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনে সারাদেশ উত্তাল। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে চলমান এই সংঘর্ষ নিয়ে কথা বলছেন সাধারণ মানুষ। সহিংসতার পথ পরিহারের আহ্বান জানাচ্ছেন শিল্পীরাও। বিশেষ করে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার শোবিজ তারকাদের একাংশ।

ফেসবুকে চিত্রনায়িকা পরীমণি লেখেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। কালোর উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তের ফোটা দেয়া একটি ছবি পোস্ট করে চিত্রনায়িকা বুবলী লেখেন, “শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার প্রসঙ্গ টেনে সিয়াম আহমেদ লেখেন, “আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝড়বে কেন?”

রক্তাক্ত শিক্ষার্থীদের কিছু গ্রাফিক্স করা ছবি পোস্ট দিয়ে তমা মির্জা লেখেন, কাদের আঘাত করছি? জাতির মেরুদণ্ড ভেঙে ফেলে আমরা আগের মতো দাঁড়াতে পারবো তো?

নারীর উপর আক্রমণ করা হচ্ছে এমন ছবি পোস্ট দিয়ে পূজা চেরী তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, এ কেমন স্বাধীনতা। এই স্বাধীন দেশে নারীদের প্রতি এ আচারণ মেনে নেয়া যায় না। তীব্র নিন্দা জানাই। অপু বিশ্বাস লিখেছেন, “সহিংসতা কাম্য নয়।”

পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের একটি ভিডিও শেয়ার করে সালহা খানম নাদিয়া লিখেছেন, “জীবনটা ফিরিয়ে দিতে পারবেন?”

সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান লিখেছেন, “আর কত রক্ত দিলে স্বাধীন হবে আমাদের প্রিয় বাংলাদেশ?”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অভিনেতা নিলয় লিখেন, “এত এত ছাত্র ছাত্রী ভুল দাবি করতে পারেনা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন।” নিলয় এসময় আরো বলেন,“আন্দোলনরত ছাত্র ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মত না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।”

‘কুঁড়েঘর’ ব্যান্ডদলের ভোকাল ও ইনফ্লুয়েন্সার তাসরিফ খান লিখেন, ,“আল্লাহর দোহাই লাগে মানুষ হয়ে মানুষ মারবেন না, হোক সে আন্দোলনকারী, পুলিশ, ছাত্রলীগ বা ছাত্রদল যে ই হোক। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ