শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে গেলে তিনি এমনটাই জানান। বৈঠকে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে বলেন, আপনি ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন। এ সময় কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি ছয় বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা। প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।
জনতার আওয়াজ/আ আ