শিগগিরই সিনেমার শুটিংও শুরু করবেন রিচি সোলায়মান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
নন্দিত অভিনেত্রী রিচি সোলায়মান। একসময়ের ছোট পর্দার তুমুল ব্যস্ত অভিনেত্রী ছিলেন তিনি। তিন দশকেরও বেশি সময় তার অভিনয় ক্যারিয়ার। দীর্ঘ এই অভিনয়জীবনে এবার প্রথমবার সিনেমায় কাজ করতে যাচ্ছেন রিচি। শিগগিরই সিনেমার শুটিংও শুরু করবেন। কাজের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
সম্প্রতি একটি কফিশপের উদ্বোধনী আয়োজনে হাজির হয়েছিলেন রিচি। সেখানে রিচি বলেন, ‘শিগগিরই একটি সিনেমায় কাজ শুরু করব। এটি প্রযোজনা করেছে সাজগোজ নামের একটি প্রতিষ্ঠান। পরিচালনা করবেন রাজীব সালেহীন। এ ছাড়া আরও কিছু কাজের কথা হয়েছে। যেহেতু শুটিং শুরু হয়নি, তাই এখনই এসব নিয়ে কথা বলতে চাইছি না।’
তবে রিচির বিপরীতে কে অভিনয় করবেন- এ প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘সেগুলো এখনো চূড়ান্ত হয়নি। তাই এখন বলা যাচ্ছে না। তবে চমক থাকবে।’
নির্মাতা রাজীব সালেহীন গণমাধ্যমকে জানিয়েছেন, এ মাসের শেষ দিকে মিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তখনই সিনেমা ও অন্য অভিনয়শিল্পীদের নাম সম্পর্কে জানানো হবে।
সিনেমা নিয়ে রিচি আরও বলেন, ‘নানা সময় নানা পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত সিনেমায় কাজ করা হয়নি। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম। তবে সিনেমায় অভিনয় করা আমি মিস করি। সামনে হয়তো আমাকে আরও সিনেমায় দেখা যেতে পারে।’
জনতার আওয়াজ/আ আ