শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে ছাড় নয়: নানক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ৮, ২০২২ ১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ৮, ২০২২ ১:৩৩ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপি-জামায়াতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না। মির্জা ফখরুল সাহেব ইটটি মারলে পাটকেলটি খেতে হবে। এটি মনে রাখতে হবে। কেউ যদি আঘাত করে তাহলে পাল্টা আঘাতের জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রস্তুত রয়েছি।
বুধবার (৮ জুন) দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
দুপুর দেড়টার পর থেকে তেজগাঁও সাতরাস্তা মোড় হয়ে হোটেল সোনারগাঁওয়ের সামনে নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হতে শুরু করে। সোনারগাঁও হোটেল সংলগ্ন প্রান্তে ট্রাকের অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারাসহ মহানগর নেতারা।
বিএনপি-জামায়াতের ৭৫’ এর হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটনোর উদ্ধত্যপূর্ণ স্লোগান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। তেজগাঁও সাতরাস্তা মোড় হয়ে সোনারগাঁও হোটেলের সামনে থেকে পান্থপথ হয়ে ধানমন্ডির-৩২ নম্বরে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
বিক্ষোভ সমাবেশেের সমাপনী বক্তব্যে নেতাকর্মীদের সমাবেশ সফল করার জন্য ধন্যবাদ জানান এবং যানজট ভোগান্তির কারণে ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। তিনি বলেন, রাজপথে জবাব দেওয়ার জন্য একটু নেমেছি। আপনাদের একটু সময় নষ্ট হয়েছে। যানজটে কষ্ট হয়েছে। এজন্য আমরা করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এসময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মহানগরের নেতারা।
এদিকে কর্মদিবসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কারণে রাজধানীর যানজট ভোগান্তির সৃষ্টি হয়। বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কারণে কিছু কিছু এলাকায় গাড়ি চলাচল থমকে যায়।
বিক্ষোভ সমাবেশের পূর্বে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বিএনপি জামায়াতের প্রতি কড়া হুশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন।
তিনি বলেন, আজকের এই বিক্ষোভ সমাবেশ প্রমাণ করে বঙ্গবন্ধুর বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে হুমকি দিলে, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না। মির্জা ফখরুল সাহেব ইটটি মারলে পাটকেলটি খেতে হবে। এটি মনে রাখতে হবে। এই আওয়ামী লীগ হঠাৎ করে কোন সামরিক জান্তার পকেট থেকে বেরিয়ে আসা দল নয়। কেউ যদি আঘাত করে তাহলে পাল্টা আঘাতের জন্য আমরা প্রস্তুত রয়েছি শেখ হাসিনার নেতৃত্বে।
নানক আরও বলেন, এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বিনির্মাণে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোন কারণ নেই। আজকের সমাবেশ এটাই প্রমাণ করে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, আজকের এই বিক্ষোভ সমাবেশে লাখ লাখ লোকের উপস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আজকের দিনে আমাদের প্রত্যয়।
ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপনী ঘোষণা করেন ঢাকা ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান।
জনতার আওয়াজ/আ আ