শেখ হাসিনার সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত, আমার বাবা মাথা পেতে নিয়েছে, আমিও নিয়েছি’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ

বরিশাল আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নবঞ্চিত হওয়ার ৩ দিন পর মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জানালেন, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত। তার সিদ্ধান্ত আমার বাবা মাথা পেতে নিয়েছে। আমিও নিয়েছি।
ঢাকায় অবস্থানরত মেয়র সাদিক আব্দুল্লাহ মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধাান সম্পাদক এবং ছাত্রলীগ-যুবলীগসহ অন্যন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে উল্লেখিত কথাগুলো বলেন। দলের নেতাকর্মীরা নগরের কালিবাড়ি সড়কের বাসায় সমবেত হন। বিকাল ৪টার দিকে মেয়র ভার্চুয়ালে নেতাকর্মীদের উদ্দেশ্যে ৫ মিনিটের সংক্ষিপ্ত বক্তৃতা দেন।
তিনি জানান, মেয়র পদে মনোনয়ন পেয়েছেন তার চাচা। এখানে অন্য কারো সুযোগ নিতে দেওয়া হবেনা। শান্ত বরিশালকে অশান্ত করতে দেবেন না। সিটি নির্বাচনের ফলের ওপর জাতীয় নির্বাচনের ফল নির্ভর করছে। নৌকাকে বিজয়ী করতে সবাইকে কাজ করতে হবে।
মেয়র নেতাকর্মীদের উদ্দেশ্যে জানান, এবার তার বাবার সঙ্গে ঢাকায় ঈদ করবেন। ঈদের পর বাবার সঙ্গে বরিশালে যাবেন। এরপরে জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা করে নির্বাচনের কৌশল নির্ধারন করবেন।
নেতাকর্মীদের পক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর মেয়রের উদ্দেশ্যে বলেন, মেয়রের বক্তব্যে শুনে নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা ঐক্যবদ্ধ আছেন।
উল্লেখ্য, গত শনিবার ঢাকায় গণভবনে স্থানীয় সরকার নির্বাচন প্রার্থী বাছাই কমিটির সভায় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয় প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে। তিনি মেয়র সাদিক আবদুল্লাহর চাচা। দক্ষিণাঞ্চলের প্রভাবশালী রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। হাসানাত পরিবারের সঙ্গে খোকন সেরনিয়াবাতের বৈরী সম্পর্ক। মনোনয়ন বোর্ডের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এমপি সভায় ছেলের মনোনয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনেক আবদার করেন এবং একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
এদিকে সাদিক আবদুল্লাহ মনোনয়নবঞ্চিত হওয়ার পর অনুসারীরা বরিশাল নগরীতে চুপসে যান। অপরদিকে সাদিকবিরোধী আওয়ামী লীগ নেতাকর্মীরা গত ৩দিন যাবত নানাভাবে উল্লাস করছেন।
জনতার আওয়াজ/আ আ