শেখ হাসিনা ভোট চোর না, ভোট ডাকাত: আলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ২০, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ২০, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ

শেখ হাসিনা ভোট চোর না। তিনি ভোট ডাকাত বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শনিবার (২০ মে) জামালপুর জেলা বিএনপির উদ্দ্যোগে উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশ্য আলাল বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না। আপনাদের নেতারা বলেন খেলা হবে। কিসের খেলা? লুডু খেলা, ফুটবল খেলা, কি খেলা খেলবেন? লুডু খেলায় তিনটি ছয় উঠলে যেমন বাতিল হয়ে যায় তেমনি এই সরকার এবার বাতিল হয়ে যাবে। তারা ২০০৯ সালে একটা ছক্কা মেরেছে, ১৪ ও রাতের বেলায় ভোট চুরি করে ১৮ সালে ছক্কা মেরেছেন। তারা তিন ছক্কা মেরেছে এবার পোককা হয়ে যাবে।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘অনেক হয়েছে এবার থামেন। বাংলাদেশের অবস্থা এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে। ৫২ বছরে এরকম করুন অবস্থা আর কখনো হয়নি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য, যে জন্য মুক্তিযুদ্ধ হয়েছে তা প্রতিষ্ঠিত করা। আর সেগুলো প্রতিষ্ঠিত করতে পারলে জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়া হবে। শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমেদসহ সেক্টর কমান্ডারদের প্রতি সম্মান জানানো হবে।’
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘পৃথিবীতে এরকম অকৃতজ্ঞ কন্যা যেন কোন বাবার ঘরে জন্ম না নেয়। বাংলাদেশ শেখ মুজিবুর রহমানকে অসম্মান করত একটা সময় এরকম লোক খুব কমই ছিল। এখনো অনেক মানুষ আছে তাকে সম্মান করে। কিন্তু তাকে সবচেয়ে বেশি অসম্মান করেছে তার নিজের মেয়ে। পথে ঘাটে মাঠে সব জায়গায় তার বাবার নাম এমন ভাবে খোদাই করেছে যে দেশের মানুষ এখন অসহ্য মনে করে। লেবু বেশি কচলালে যেমন তিতো হয়ে যায়। তার বাবার ক্ষেত্রেও তিনি এটা করেছেন।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা শেখ হাসিনা ভোট চোর স্লোগান দেন। তিনি তো ভোট চোর না। তিনি ভোট ডাকাত। ডাকাতকে চোর বললে অপমান করা হয়। চশমা, জুতা যে চুরি করে সেও চোর। এত ছোট জায়গায় তাকে নিয়ে আসবেন কেন? তাকে ভোট ডাকাত বলবেন অন্তত একটু সম্মান জানানো হবে।’
জামালপুর জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতিত্বে ও জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন সঞ্চালনায়-আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ