সংকট মোকাবিলায় সর্বদলীয় সংলাপের আহবান সৈয়দ ইবরাহিমের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংকট মোকাবিলায় সর্বদলীয় সংলাপের আহবান সৈয়দ ইবরাহিমের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৩, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৩, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ

 

সরকার দেশকে আবারো তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে উল্লেখ করে সংকট মোকাবিলায় সর্বদলীয় সংলাপের আহবান জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, দুঃখিনী বাংলা মা তিনশ বছরেও লুটেরাদের হাত থেকে মুক্তি পায়নি। ইংরেজ আর পাকিস্তানিরা তো বিদেশি ছিল। আর গত ৫০ বছরে কি লুটপাট থামানো গেছে? অসি আর মসি একজোট হয়ে দেশটাকে লুটপাটে ঐক্যবদ্ধ। সাধারণ জনগণের কথা ভাবার সময় কোথায়? রাতের ভোটের রানীর তো কথাই নেই। মিথ্যার বেসাতি আর চাপাবাজিতে ওস্তাদ এই সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে তা তো দেখতেই পারছেন, তবে সময় শেষ।

তিনি বলেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই। রাজার গায়ে যে কাপড় নেই সেটা শুধু শিশুরাই বলছে না সারা বিশ্ব আমাদেরকে সাবধান করছে। জনগণের পকেট কেটে আর কত সুইস ব্যাংক ভরবেন? এবার তাদের নাম জাতির সামনে প্রকাশ করতে হবে। ব্যাংক লুটেরাদের প্রতিহত করতে হবে। সামনে এমন দিন আসছে যখন মানুষ আর ব্যাংকে টাকা রাখবে না।

সাধারণ মধ্যবিত্ত জনগণকে তাদের সম্পদ রক্ষায় এছাড়া আর কোনও পথ নেই। সরকার দেশটাকে আবারো তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে, এখনই জাতীয় সংকট ঘোষণা করে সর্বদলীয় সংলাপের আয়োজন চাই।
কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টানতে হবেই। তেলের মূল্য অবিলম্বে কমাতে হবে। আবারো বিদ্যুৎ গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। এরপর তো গণবিক্ষোভ সামাল দিতে পারবেন না। মানুষের পিঠে তো সইছে না। এই মুহূর্ত থেকে আর যেন একটি টাকাও বিদেশে পাচার না হতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। সকল লুটেরাদের চিহ্নিত করে পাচারকৃত টাকা দেশে ফেরত আনতে হবে। আর জ্বালানি খাতের অডিট করে তা জনসন্মুখে প্রকাশ করতে হবে।
কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব নূরুল কবির ভূইয়া পিন্টুর সভাপতিত্বে ও সহ সভাপতি আলী হোসেন ফরায়েজীর উপস্থাপনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান ক্বারী মো আবু তাহের, জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান তামান্না, মাহমুদুর রহমান খান, প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ