সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫৮২ জন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫৮২ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমার সময় সোমবার (২৯ ডিসেম্বর) শেষ হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, সারা দেশে ৩০০ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে প্রার্থী হওয়ার জন্য মোট ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রবিবার মাত্র ৩১ জন মনোনয়নপত্র দিলেও বাকিসব আগ্রহী প্রার্থীরা সোমবার মনোনয়নপত্র জমা দেন।

এদিকে মনোনয়নপত্র জমার শেষ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রার্থী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। আগের কয়েক দিনে জমাদানের গতি তুলনামূলক কম থাকলেও শেষ দিনে একযোগে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ায় কার্যালয়গুলোতে বাড়তি চাপ তৈরি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়।

এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্রও জমা পড়েছে।

মনোনয়নপত্র জমার দিনটি বেশির ভাগ স্থানে শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও শোডাউন, অতিরিক্ত লোকসমাগম ও হট্টগোলের ঘটনাও ঘটে। নির্বাচন কমিশন জানিয়েছে, এসব ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা প্রতিবেদন পাঠাবেন এবং প্রয়োজন হলে নির্বাচন আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মনোনয়নপত্র জমার সময় বাড়ানো হবে কি না— এ নিয়ে নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সময় বাড়ানো হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর কোনো আনুষ্ঠানিক আবেদন আসেনি। তাই ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার বিকাল ৫টার মধ্যেই মনোনয়নপত্র জমার প্রক্রিয়া শেষ করা হয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র জমার এই ধাপ শেষ হওয়ায় এখন যাচাই-বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী প্রতিযোগিতা আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ