সংসদ নির্বাচন দেখতে চান ১৭৯ বিদেশি পর্যবেক্ষক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদ নির্বাচন দেখতে চান ১৭৯ বিদেশি পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চান ১৭৯ বিদেশি পর্যবেক্ষক। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, নির্বাচন দেখতে ১৩১ পর্যবেক্ষক হিসেবে আর সাংবাদিক হিসেবে ৪৮ জন আবেদন করেছেন। মোট আবেদন করেছেন ১৭৯ জন।

ইসির দেয়া সময় অনুযায়ী, বৃহস্পতিবার ছিল বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করার শেষ সময়। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তাদের অনুমোদন দেয়ার কথা রয়েছে সংস্থাটির। এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, আমাদের কাছে যেসব আবেদন এসেছে, এগুলো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয়ের মতামত এলে তা কমিশনের কাছে উত্থাপন করা হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় থেকে যাদের বিরুদ্ধে আপত্তি দেয়া হবে, তাদের অনুমোদন দেয়া হবে না। আর যাদের অনাপত্তি দেবে, তারা ভোট দেখার অনুমোদন পাবেন।

ইসি জানায়, বিদেশিদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমোদন দেয়া ছাড়াও ভোট দেখার জন্য ৩৪টি দেশের নির্বাচন কমিশন ও চারটি সংস্থার ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এক্ষেত্রে তাদের স্থানীয় যাতায়াত ও থাকা-খাওয়ার সব ব্যয় বহন করবে ভোট আয়োজনকারী সংস্থাটি।

আমন্ত্রিত দেশগুলো হলো-ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, থাইল্যান্ড, আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, সৌদি আরব, চীন, জাপান ও সিঙ্গাপুর।
এছাড়া সার্ক ও ওআইসি মহাসচিব, ফেম্বোসা ও এ-ওয়েব চেয়ারপারসনকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ