সবার সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ৫, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ৫, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত তৎপরতা ও পূর্বপ্রস্তুতির কারণেই কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।
শুক্রবার (৫ জুন) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সবার সহযোগিতা, সচেতনতা এবং তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমের কারণে আজকের ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। নৌপুলিশ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুততার সঙ্গে কাজ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত ঈদুল ফিতরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বাসডুবিতে ২৬ জনের প্রাণহানির পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনা ছিল, ফেরিতে যানবাহন ওঠানোর আগে সব যাত্রীকে নামিয়ে দিতে হবে। সেই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করায় আজকের ঘটনায় বাস নদীতে পড়ে গেলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।’
দুর্ঘটনার কারণ অনুসন্ধান প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রফিকুল করিমের নেতৃত্বে গঠিত এ কমিটিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এর আগে গত ২৫ এপ্রিল একই নৌরুটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে ডুবে গেলে নারী ও শিশুসহ ২৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়। সেই ঘটনার পর আবারও বাস ডুবির ঘটনায় এই নৌরুটের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
জনতার আওয়াজ/আ আ