সম্ভাব্য আর চূড়ান্ত মনোনয়ন এক জিনিস নয়: তানভীর হুদা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৫, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সম্ভাব্য আর চূড়ান্ত মনোনয়ন এক জিনিস নয়: তানভীর হুদা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৮, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৮, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ

 

চাঁদপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বিএনপির হাইকমান্ড সারাদেশে দলীয় প্রার্থীর যেই তালিকা প্রকাশ করেছেন, সেটা শুধুই সম্ভাব্য প্রাথমিক তালিকা। চূড়ান্ত তালিকা এখনো তৈরি করা হয়নি। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মতলবের তৃণমূলের মানুষ আমার সঙ্গে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন এই বিশ্বাস আমার আছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী আইডিয়াল একাডেমি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানভীর হুদা বলেন, ৩ তারিখে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকেই শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা চলছে, যা অত্যন্ত দুঃখজনক। দুই উপজেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থী শুক্কুর পাটোয়ারী, ডা. সরকার শামীম এবং আমার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। ছেংগারচর বাজারে বিএনপির পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এমন আচরণ গণতন্ত্রের পরিপন্থি।

তিনি আরও বলেন, আমি তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও করব। আমি ধানের শীষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।

তানভীর হুদা বলেন, আমাদের লক্ষ্য একটাই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। মতলবের বিএনপি কর্মীরা যেন একে অপরের বিরুদ্ধে না গিয়ে ঐক্যবদ্ধ থাকেন, সেই আহ্বান জানাই।

উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ গোলাম রাব্বানী মামুন, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ