সরকারবিরোধী যুগপৎ আন্দোলন গতিশীল করতে কমানো হচ্ছে দাবি-দফা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারবিরোধী যুগপৎ আন্দোলন গতিশীল করতে কমানো হচ্ছে দাবি-দফা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১:০১ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ
সরকারবিরোধী যুগপৎ আন্দোলন আরও গতিশীল করতে ১৪ দফা দাবিনামা সংক্ষিপ্ত করে ৭ দফায় নিয়ে এসেছে গণতন্ত্র মঞ্চ। এই ৭ দফার একটি খসড়া মঞ্চের পক্ষ থেকে বিএনপি’র কাছে হস্তান্তর করা হবে। গত রোববার বিকালে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে মঞ্চের বৈঠকে এ রূপরেখা চূড়ান্ত করা হয়। সূত্র জানিয়েছে সামনে দফা কমে এক দফায় পরিণত হবে। তখন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে যাবে বিরোধী দলগুলো।
এর আগে বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমকে নিয়ে একটি খসড়া কমিটি গঠন করা হয়। গণতন্ত্র মঞ্চ থেকে ৭ দফার একটি খসড়া প্রস্তাব আসে। রোববার গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এই ৭ দফা চূড়ান্ত করা হয়। বিএনপিকে খসড়া পাঠানোর পরে সংযোজন-বিয়োজন করা হবে। এটিই যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণা হিসেবে প্রকাশ করা হবে। গণতন্ত্র মঞ্চের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বিএনপি’র ১০ দফা দাবি ও ২৭ দফা রূপরেখার সঙ্গে গণতন্ত্র মঞ্চের ১৪ দফার সমন্বয়ে গত মাসে যুগপৎ আন্দোলনের খসড়া রূপরেখা প্রস্তুত করা হয়। যুগপৎ আন্দোলনের বাকি দলগুলোর সম্মতিতে এই রূপরেখাই পরবর্তীতে যৌথ ঘোষণা হিসেবে প্রকাশ করার কথা রয়েছে। এই বিষয়ে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ূম মানবজমিনকে বলেন, আমাদের গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে ৭ দফার একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটি আমরা বিএনপিকে পাঠাবো। সংযোজন-বিয়োজন করে পরবর্তীতে যৌথ ঘোষণা দেয়া হবে। যুগপৎ ধারার আন্দোলনে বিএনপি’র সঙ্গে পদযাত্রা ও গণঅবস্থান কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। ধারাবাহিক এসব কর্মসূচি পালন করে মোক্ষম সময়ে আন্দোলনের গতি বাড়িয়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে চান এই জোটের নেতারা। পরিস্থিতি বুঝে কঠোর কর্মসূচি দিতে চান তারা। বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের দুই মাস অতিক্রম করেছে। এরই মধ্যে বিএনপি যুগপৎ ধারায় ৭টি কর্মসূচি পালন করেছে। গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ মনে করছেন, বিএনপি’র সঙ্গে সমমনা দলগুলো যুগপৎ ধারায় আন্দোলন শুরু করতে পেরেছেন, এটা তাদের একটি বড় অর্জন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়েছে। এই আন্দোলন এখন পর্যন্ত সঠিক দিকেই রয়েছে। এই বিষয়ে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মানবজমিনকে বলেন, যুগপৎভাবে ছাড়া তো আর কারও বিরুদ্ধে লড়াই করে জেতা সম্ভব নয়। এটা আমাদের পরিশ্রমের ফলে মাঠে গড়িয়েছে। এই আন্দোলনের এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। গণতন্ত্র মঞ্চের প্রস্তাবিত ৭ দফার মধ্যে রয়েছে- সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, রাষ্ট্রের কাঠামো মেরামত ও গণতান্ত্রিক সংস্কার, দমন-পীড়ন এবং মিথ্যা মামলায় খালেদা জিয়াসহ দণ্ডপ্রাপ্তদের মুক্তি, বিদেশে অর্থ পাচার, ব্যাংকিং ও আর্থিক খাত, শেয়ার মার্কেট, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ যেসব খাতে দুর্নীতি হয়েছে সেগুলো চিহ্নিত করে কমিশন গঠন করে পাচার করা অর্থ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা, রাষ্ট্রীয় ও ব্যক্তিখাতে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, নারীর অধিকার ও সকল ধর্ম, জাতি, ও প্রান্তিক নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা।
সূত্রঃ মানবজমিন

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ