সাংবাদিক মুন্নী সাহা ও স্বামীর নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক মুন্নী সাহা ও স্বামীর নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী মো. কবীর হোসেনের নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, অনুসন্ধানকালে তাদের আয়ের তুলনায় বিপুল পরিমাণ অপ্রকাশিত সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদক জানায়, ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত মুন্নী সাহা ১ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৪০০ টাকার স্থাবর ও ১১ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৭৪৯ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১৩ কোটি ৮১ লাখ ৫০ হাজার ১৪৯ টাকার সম্পদ অর্জন করেছেন। একই সময়ে তার গ্রহণযোগ্য আয় ছিল ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৫১৩ টাকা এবং ব্যয় ২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ২৫৬ টাকা। ব্যয় বাদে সঞ্চয় দাঁড়ায় ৭৩ লাখ ৯৩ হাজার ২৫৭ টাকা। অর্থাৎ সঞ্চয়ের তুলনায় ১৩ কোটি ৭ লাখ ৫৬ হাজার ৮৯২ টাকার সম্পদ বেশি পাওয়া গেছে, যা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

অন্যদিকে তার স্বামী মো. কবীর হোসেন ২ কোটি ১২ লাখ ৪ হাজার ১৩৫ টাকার স্থাবর ও ১৪ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ২০৫ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১৬ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৩৪০ টাকার সম্পদ অর্জন করেছেন। একই সময়ে তার গ্রহণযোগ্য আয় ছিল ৮ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৭২৫ টাকা এবং ব্যয় ৮৩ লাখ ৮৬ হাজার ৪০২ টাকা। ব্যয় বাদে সঞ্চয় দাঁড়ায় ৭ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৩২৩ টাকা। ফলে সঞ্চয়ের তুলনায় ৯ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ১৭ টাকার সম্পদ বেশি পাওয়া গেছে, যা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে দুদক মনে করছে।

দুদক আরও জানায়, অর্জিত সম্পদের পূর্ণাঙ্গ তথ্য ও আয়ের উৎস যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারায় উভয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ